অ্যান্থনি শিমরে ভারতে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র ক্রয়ের মূল সমন্বয়ক হিসেবে আলোচিত সেই নাগা বিচ্ছিন্নতাবাদী নেতা অ্যান্থনি শিমরে (৪৯) ভারতে ধরা পড়েছেন। তিনি এখন দিল্লিতে পুলিশ রিমান্ডে আছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর বের হয়েছে।বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যান্থনি শিমরের বিরুদ্ধে অভিযোগ, তাঁর মাধ্যমে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) এসব সমরাস্ত্র সংগ্রহ করেছে। এমনকি ২০০৪ সালে অস্ত্র খালাসের সময় উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার সঙ্গে শিমরেও চট্টগ্রামে অবস্থান করছিলেন বলে যুক্তরাজ্যভিত্তিক প্রখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেনস ইনটেলিজেন্স রিভিউর (জেআইআর) প্রতিবেদনে বলা হয়।অ্যান্থনি শিমরে উত্তর-পূর্ব ভারতের আরেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন নাগা সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন) একাংশের (ইসাক-মুইভাহ্) শীর্ষ নেতা। ভারতীয় সংবাদমাধ্যমে শিমরেকে এনএসসিএনের পররাষ্ট্রবিষয়ক সম্পাদক ও সংগঠনের প্রধান অস্ত্র সংগ্রাহক হিসেবে উল্লেখ করা হয়।তবে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তদন্তে এখন পর্যন্ত এই অস্ত্রের চালান বাংলাদেশে আনার সঙ্গে একজন বিদেশি নাগরিকের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তিনি ভারতীয় নাগরিক উলফার নেতা পরেশ বড়ুয়া। তাঁর ব্যাপারে তথ্য চেয়ে ইতিমধ্যে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, সিআইডির তদন্তে অ্যান্থনি শিমরের সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে, পরে শিমরের সম্পৃক্ততার ব্যাপারে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গত সোমবার ভারতীয় ইংরেজি দৈনিক মেইল টুডের এক খবরে বলা হয়, ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লির একটি আদালত ২৫ অক্টোবর পর্যন্ত অ্যান্থনি শিমরের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁর বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়, তিনি ভারতে সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য বড় ধরনের অস্ত্রের চালান আনার ষড়যন্ত্র করছিলেন। এ জন্য তিনি ইতিমধ্যে চীন ও থাইল্যান্ডের উপকূলে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে অর্থের লেনদেন করেছেন।এদিকে শিমরেকে কবে, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। মেইল টুডের খবরে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ দাবি করছে, এই নাগা বিদ্রোহী নেতাকে ২ অক্টোবর পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এনএসসিএনের পক্ষ থেকে বলা হয়েছে, শিমরেকে গত ২৭ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। নাগাল্যান্ডের এক মানবাধিকার কর্মী দিল্লির আদালতে বলেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনার পরবর্তী পর্বে যোগ দিতে ২৮ সেপ্টেম্বর বিমানযোগে নয়াদিল্লি আসেন শিমরে। এরপর তাঁকে আটক করা হয়।২ অক্টোবর নাগালিম ভয়েস নামে একটি ওয়েবসাইটে বলা হয়, দ্য নাগা পিপলস্ মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অভিযোগ করেছে, শিমরে ২৭ সেপ্টেম্বর ব্যাংকক থেকে বিমানযোগে কাঠমান্ডু আসেন। সন্ধ্যা ছয়টায় ত্রিভুবন বিমানবন্দরে নামার পর তাঁকে অজ্ঞাতনামা একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ধরে নিয়ে যান।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় ১০ ট্রাক সমরাস্ত্র ধরা পড়ে। এরপর যুক্তরাজ্যভিত্তিক প্রতিরক্ষা সাময়িকী জেআইআর-এর অনুসন্ধানে প্রথম বেরিয়ে আসে যে অস্ত্রের চালানটি উলফার জন্য চীন থেকে আনা হয়েছে। জেআইআর-এর ২০০৪ সালের আগস্ট সংখ্যায় এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে আটক অস্ত্রের চালানটি অ্যান্থনি শিমরের উদ্যোগেই সংগৃহীত হয়। এসব সমরাস্ত্র কিনতে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা অর্থের জোগান দেয়। এই অর্থ এনএসসিএনের (ইসাক-মুইভাহ) একজন এজেন্টের মাধ্যমে হংকংয়ে পরিশোধ করা হয়েছে। এমনকি অস্ত্র খালাসের সময় ম্যানিলা থেকে ব্যাংকক হয়ে শিমরে চট্টগ্রাম পর্যন্ত এসেছিলেন। শিমরে ও উলফার পরেশ বড়ুয়া অস্ত্র খালাসের সময় চট্টগ্রামে অবস্থান করছিলেন।