অ্যান্থনি হপকিন্সের সঙ্গে অভিনয়ে স্লামডগের রুবিনা!
‘স্লামডগ মিলিয়নিয়র’ ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পাওয়ার পর এবারে হলিউডের প্রখ্যাত অভিনেতা অ্যান্থনি হপকিন্সের সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন ১৩ বছর বয়সী রুবিনা আলি। ‘লর্ড ওয়েনস লেডি’ নামের একটি ব্রিটিশ ছবিতে অভিনয়ের সুবাদে হপকিন্সের সঙ্গে বড়পর্দায় হাজির হবেন রুবিনা আলি। স্লামডগ মিলিয়নিয়র ছবিতে শিশুশিল্পী হিসেবে রুবিনাকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন পরিচালক ড্যানি বয়েল। পরবর্তী সময়ে আন্তর্জাতিক তারকা খ্যাতি পেয়ে যান মুম্বাইয়ের বস্তি থেকে উঠে আসা রুবিনা আলি, পুরোপুরি বদলে যায় তাঁর ভাগ্য। মুম্বাইয়ের গরিব নগর এলাকার একটি ঝুপড়িঘর থেকে পশ্চিম বান্দ্রায় অবস্থিত ফ্ল্যাটে ওঠেন তিনি। এবারে এরই ধারাবাহিকতায় মার্টিন পেনেল পরিচালিত লর্ড ওয়েনস লেডি ছবিতে হপকিন্সের সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন রুবিনা। প্রাপ্তির এখানেই শেষ নয়, রুবিনার বাবা রফিক কোরেশি জানিয়েছেন, পারিশ্রমিক হিসেবে রুবিনা মাত্র ২১ দিনে আয় করবেন ২১ হাজার পাউন্ড।এ প্রসঙ্গে রুবিনার বাবা রফিক কোরেশির উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘কয়েক মাসের মধ্যেই নতুন ছবিতে অভিনয় শুরু করবে রুবিনা। ছবিতে তাঁর চরিত্র কেমন হবে সে ব্যাপারে আমরা তেমন কিছু জানি না। তবে আমাদেরকে বলা হয়েছে, ছবিতে কাজ করার বিনিময়ে প্রতিদিন তাঁকে এক হাজার পাউন্ড করে দেওয়া হবে। মোট ২১ দিন শুটিং করতে হবে। তার মানে সব মিলিয়ে ২১ হাজার পাউন্ড পাবে সে।’ছবির নাম, পরিচালক কিংবা নিজের চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু জানেন না রুবিনা। তাঁর ভাষ্য, ‘এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি দারুণ আনন্দিত। ছবিতে আমার চরিত্রটি কেমন তা আমি জানি না। শুধু এটুকু জানি, খুব শিগগিরই এর শুটিং শুরু হবে।’ এদিকে রুবিনার ম্যানেজার দিনেশ দুবে জানিয়েছেন, ‘রুবিনা কিংবা তাঁর পরিবারের সদস্যরা ছবিটি সম্পর্কে তেমন কিছুই জানেন না। বছর দেড়েক আগে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিতে সই করেছিলেন রুবিনা। চলতি বছরের সেপ্টেম্বরে এর শুটিং শুরু হবে সিমলায়। পরবর্তী সময়ে এর শুটিং করা হবে লন্ডনে।’