অ্যাবোটাবাদে মার্কিন হেলিকপ্টার দেখতে চীনকে আমন্ত্রণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোয়েন্দারা আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের বাসভবনে বিধ্বস্ত মার্কিন স্টিলথ হেলিকপ্টার পরিদর্শন করতে চীনের সেনা প্রকৌশলীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। লাদেনের অ্যাবোটাবাদের ওই বাসভবনে গত ২ মে মার্কিন সেনারা অভিযান চালান।ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে, অ্যাবোটাবাদের বাসভবনের ধ্বংসাবশেষ এবং অভিযানকাজে ব্যবহূত মার্কিন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষার জন্য পাকিস্তানের গোয়েন্দারা চীনা প্রকৌশলীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানা যায়।লাদেনের বাসভবনে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। আর চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে পাকিস্তান। চীন পাকিস্তানের টেলিযোগাযোগ, বন্দর ও অবকাঠামোর ক্ষেত্রে বড় বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলেছে, তাদের কাছে তথ্য রয়েছে যে পাকিস্তান বিশেষ করে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই চীনের সেনাবাহিনীকে অ্যাবোটাবাদে ঢোকার অনুমতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আরও জানায়, চীনের প্রকৌশলীরা হেলিকপ্টারের ছবি ও ধ্বংসাবশেষের নমুনা নিয়ে থাকতে পারেন।মার্কিন ওই হামলায় ওসামা বিন লাদেন নিহত হন। লাদেনের অ্যাবোটাবাদের ওই বাসভবনটি পাকিস্তানের সামরিক একাডেমির কাছেই অবস্থিত।