অ্যামনেস্টির প্রতিবেদন ইতিবাচক: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুনের যে তথ্য দিচ্ছে, এতে হিসাবের বিভ্রান্তি আছে। তবে এই সংখ্যা আগের বছরগুলোর তুলনায় কম।’ আজ বৃহস্পতিবার প্রথম আলো ডটকমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।বাংলাদেশে এসব ঘটনার ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনকে সরকার ইতিবাচকভাবে দেখছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের সময় একজনকে সে দেশের তদন্ত সংস্থার লোকজন গুলি করে মেরেছে। এটাকে কী বলা হবে? সবদিক বিবেচনা করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে, কোনটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, কোনটি নয়। একটি গণতান্ত্রিক দেশে জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। তিনি প্রশ্ন রাখেন, ‘ডাকাতি করে গুলি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ যদি মানুষের জানমালের স্বার্থে গুলি ছোড়ে, তাহলে এটাকে কী বলা হবে?’সংখ্যালঘু ব্যক্তিদের ওপর নির্যাতন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামু, নোয়াখালী, সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর খালেদা জিয়ার নেতৃত্বে যে সহিংসতা হয়েছে, তার তুলনায় এটা কম। এ দফায় হামলা চালিয়েছে মৌলবাদী জনগোষ্ঠী। মৌলবাদীদের দমনে সরকার বদ্ধপরিকর।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন সাধারণ মানুষের অধিকার রক্ষায় ‘প্রযুক্ত’ হতে পারে। এ জন্য প্রতিষ্ঠানটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ ধরনের প্রতিবেদন থেকে সরকার আরও মহত্ কিছু করতে পারে।