অ্যামির পর হারিয়ে গেলেন হুইটনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ২৩ জুলাই মাত্রাতিরিক্ত অ্যালকোহল পানের কারণে মাত্র ২৭ বছর বয়সে চলে গেছেন ব্রিটিশ জ্যাজ শিল্পী অ্যামি ওয়াইনহাউস। সংগীত আকাশের জ্বলজ্বলে সেই নক্ষত্র পতনের এক বছর না পেরোতেই এবার চলে গেলেন মার্কিন পপ সংগীতশিল্পী হুইটনি হিউস্টন। ১১ ফেব্রুয়ারি শনিবার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। হুইটনির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে তাঁর মুখপাত্র ক্রিস্টেন ফস্টার জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, হুইটনি হিউস্টন মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখন পর্যন্ত অজানাই রয়ে গেছে।’ মৃত্যুর কারণ অজানা থাকলেও জীবনের শেষ ১০টি বছরে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন ছয়বার গ্র্যামি বিজয়ী এই মার্কিন পপ সংগীতশিল্পী। অনেকেই ধারণা করছেন, এর পেছনে মাদকাসক্তিই দায়ী। হারিয়ে গেলেন মার্কিন সংগীতজগতের এই জ্বলজ্বলে নক্ষত্র। ১৯৬৩ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন হুইটনি। তাঁর বাবা জন রাসেল হিউস্টন সেনাবাহিনীতে চাকরি করতেন। মা সিসি হিউস্টনসহ পরিবারের অন্য সদস্যরাও সংগীতে পারদর্শী ছিলেন। ১১ বছর বয়সে মায়ের উত্সাহে গির্জায় গান গাওয়ার মাধ্যমেই গানে হাতেখড়ি হয় হুইটনির। কৈশোরে মাঝেমধ্যে মায়ের সঙ্গে নাইট ক্লাবেও গান গাইতেন তিনি। ১৯৮৫ সালে ‘হুইটনি হিউস্টন’ শিরোনামে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এরপর একে একে প্রকাশিত হয় ‘হুইটনি’ (১৯৮৭), ‘আই অ্যাম ইওর বেবি টুনাইট’ (১৯৯০), ‘মাই লাভ ইজ ইওর লাভ’ (১৯৯৮), ‘জাস্ট হুইটনি’ (২০০২), ‘ওয়ান উইশ: দ্য হলিডে অ্যালবাম’ (২০০৩) এবং ‘আই লুক টু ইউ’ (২০০৯)। তিন দশকের বর্ণাঢ্য সংগীতজীবনে দুটি অ্যামি, ছয়টি গ্র্যামি, ৩০টি বিলবোর্ড ও ২২টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন হুইটনি হিউস্টন। ২০১০ সাল পর্যন্ত সব মিলিয়ে ৪১৫টি পুরস্কার ঝুলিতে ভরেছেন এই কণ্ঠশিল্পী। এযাবত্কালের সবচেয়ে বেশি পুরস্কার বিজয়ী নারী তারকা হিসেবে হুইটনির নাম ঘোষণা করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।এখন পর্যন্ত হুইটনির সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। ‘দ্য গ্রেটেস্ট লাভ অব অল’, ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’, ‘হাউ উইল আই নো’, ‘আই অ্যাম এভরি ওম্যান’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। গানের পাশাপাশি অভিনয় করেছেন ‘দ্য বডিগার্ড’ (১৯৯২), ‘ওয়েটিং টু এক্সহেল’ (১৯৯৫) এবং ‘দ্য প্রিচার’স ওয়াইফ’ (১৯৯৬) ছবিতে। অভিনয় করেছেন টিভি সিরিজ ‘গিভ মি এ ব্রেক’, ‘সিলভার স্পুনস’ ও ‘বাস্টন পাবলিক’-এ। ওয়াল্ট ডিজনি টেলিভিশন প্রযোজিত মিউজিক্যাল টেলিফিল্ম ‘সিন্ডারেলা’য়ও কণ্ঠ দিয়েছিলেন হুইটনি। কোকা-কোলা, সানিও ইলেকট্রনিকসসহ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের মডেলও হয়েছেন। এক কথায়, বহুমাত্রিক একজন সৃজনশীল মানুষ ছিলেন হুইটনি। নব্বইয়ের দশকের শুরুর দিকে হুইটনির ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছিল। ১৯৯২ সালে সংগীতশিল্পী ববি ব্রাউনকে বিয়ে করার পর মাদকের মরণজালে ভালোমতোই জড়িয়ে পড়েন হুইটনি। জীবনের শেষ ১০টি বছর মাদকই নিয়ন্ত্রণ করেছে তাঁকে। এই সময়ে তাঁকে বেশ কয়েকবার মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রেও যেতে হয়েছে। সর্বশেষ ২০১১ সালের মে মাসে ড্রাগ অ্যান্ড অ্যালকোহল রিহ্যাব প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন অকালপ্রয়াত এই শিল্পী।