অ্যাম্বাসেডরও গাড়ি ভাঙলেন!
দেশকে যিনি বিশ্বের কাছে সম্মানজনক করে তুলে ধরবেন, তিনিই কি না যুক্তরাজ্যের দাঙ্গা-হাঙ্গামার সময় পুলিশের গাড়ি ভাঙলেন! হ্যাঁ, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে চেলসি ইভস (১৮) নামের লন্ডন অলিম্পিকের অ্যাম্বাসেডরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দ্য সান পত্রিকায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে।চেলসি একজন মেধাবী ক্রীড়াবিদ ও গায়িকা। ২০১২ সালের অলিম্পিকের জন্য অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এই তরুণী। বর্তমানে তিনি ‘এ’ লেভেলে পড়াশোনা করছেন।জানা গেছে, চেলসি যখন পুলিশের গাড়ি ভাঙচুর করছিলেন, তখন তাঁর বাবা-মা টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখার পর পুলিশকে খবর দেন। পরে পুলিশ চেলসিকে গ্রেপ্তার করে নিয়ে যায়।চেলসির মা অ্যাড্রিয়েন বলেছেন, ‘চেলসিকে আমি খুবই ভালোবাসি। আমাদের মেয়েকে আমরা সব সময় কোন কাজটা ভালো, আর কোনটা মন্দ—তা শিখিয়েছি। সব জেনেও কেন সে ভুল কাজটা করল? এ কারণে চেলসিকে গ্রেপ্তার করায় আমার কোনো অনুতাপ নেই।’পুলিশ জানিয়েছে, গতকাল প্রায় ২৪০ জনকে আদালতে হাজির করা হয়েছিল। তাদের মধ্যে অর্ধেকেরই বয়স ১৮ বছরের কম।আজ সকাল সাতটার মধ্যে ১০৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে ৫৯১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আর দেশ জুড়ে দেড় হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। চেলসির বাবা রজার জানিয়েছেন, ‘আমরা চেলসিকে সরাসরি টেলিভিশনের পর্দায় দেখেছি। সে যখন ওই ঘটনা ঘটানোর পর আমাদের সামনে আসে, তখন খুব কান্নাকাটি করেছিল। আমরা যখন তাঁকে ধরিয়ে দিতে পুলিশকে ফোন করছিলাম, তখন সে কোনো রকম বাধা দেয়নি। কারণ, সে জানত এ থেকে তাঁর নিস্তার নেই। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার দৃশ্যটা আমাদের জন্য খুবই মর্মবিদারক। আমি কোনোভাবেই চাই না আমাদের মেয়ে কারাগারে থাকুক। কিন্তু তাঁর কর্মকাণ্ডে আমার এ ছাড়া আর কোনো উপায় ছিল না।’চেলসির মা অ্যাড্রিয়েন আরও জানিয়েছেন, ‘অনেক অভিভাবকই জানেন, এই দাঙ্গার সঙ্গে তাঁদের সন্তানও জড়িত। আমরা আমাদের মেয়েকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তাঁদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা কী করলাম। আর এক্ষেত্রে আসলে কী করা উচিত।’জানা গেছে, চেলসি ইভস বর্তমানে ওয়েস্টমিনস্টারে রিমান্ডের জন্য হাজতে আছেন।সরকারি কৌঁসুলি বেকি ওয়েসন অভিযোগ করেছেন, ঘটনার সময় চেলসি চিত্কার করে তাঁর এক বন্ধুকে বলেছিলেন, ‘এটা আমাদের জন্য খুবই চমত্কার একটি দিন।’ তারপর তাঁরা একটি দোকানের জানালায় পাথর দিয়ে সজোরে ঢিল ছোড়েন। শুরুতে এই অভিযোগ অস্বীকার করলেও পরে আদালতে সবকিছুই স্বীকার করেছেন অলিম্পিকের এই অ্যাম্বাসেডর।এদিকে, দাঙ্গার সময় চুরি ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হওয়া লন্ডনের কোটিপতির মেয়ে লরা জনসন জামিন পেয়েছেন। তাঁর বাবা এক মিলিয়ন ডলার মুচলেকা দিয়ে লরার জামিন আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।