অ্যাম্বুলেন্সে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রোগীসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদেরাগে আক্রান্ত হয়ে ব্যবসায়ী নিলু পাঠান অ্যাম্বুলেন্সে করে তাঁর টঙ্গীর বাসা থেকে মিরপুরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দিকে যাত্রা করেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী ফারজানা পাঠান, বড় ছেলে নাবিল পাঠান ও আত্মীয় লিটন। শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা ধরে এগোতেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক এসে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান নিলু পাঠান (৫৫)। স্ত্রী ফারজানা পাঠান (৪৫) ও অ্যাম্বুলেন্সের চালক আনছারও (৩৫) মারা যান। আহত নাবিল পাঠান (১৮) জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। গতকাল বুধবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে নিলু পাঠান গাজীপুরের টঙ্গীর আরিচপুর চেয়ারম্যানবাড়ী এলাকায় থাকতেন। গত মঙ্গলবার মধ্যরাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে উত্তরার সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে।নিলু পাঠানের ছোট ভাই রিপন পাঠান প্রথম আলোকে জানান, নিলু ও ফারজানাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। গত বছর নাবিল পাঠান রাজউক উত্তরা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁর জীবনও শঙ্কামুক্ত নয়।গতকাল বিকেলে অ্যাম্বুলেন্সের মালিক রফিকুল ইসলাম শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা ট্রাকমালিক ও চালককে আসামি করে মামলা করেছেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ট্রাক রেখে পালিয়ে যান চালক। বালুভর্তি এ ট্রাকটির কোনো নম্বরপ্লেট নেই। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।