অ্যারিজোনায় নারী কংগ্রেস সদস্য গুলিবিদ্ধ, নিহত ৬
সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট-দলীয় নারী সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডস। গতকাল শনিবার অ্যারিজোনা রাজ্যের টাকসনে তিনি এক সন্ত্রাসীর গুলিতে আহত হন। এ ঘটনায় আরও ছয় ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছেন।গ্যাব্রিয়েল গিফোর্ডস টাকসনে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। এ সময় তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাঁর অবস্থা গুরুতর। তবে চিকিত্সকেরা বলেছেন, তাঁরা গিলফোর্ডের বেঁচে থাকার ব্যাপারে আশাবাদী।এই সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন কেন্দ্রীয় বিচারকও রয়েছেন। এই ঘটনায় গাব্রিয়েল গিফোর্ডসের একজন রাজনৈতিক সহকর্মীও নিহত হয়েছেন বলে একটি সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।স্থানীয় পুলিশ বলছে, এই সন্ত্রাসী হামলায় গাব্রিয়েলসহ মোট ১৩ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। চিকিত্সকেরা বলছেন, এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটা পুরো দেশের জন্যই বিরাট এক ট্র্যাজেডি। স্থানীয় গণমাধ্যমে এই সন্ত্রাসী হামলার জন্য অ্যারিজোনার অধিবাসী ২২ বছর বয়সী জারেড লাউনারকে গ্রেপ্তারের খবর জানানো হয়েছে। স্থানীয় পুলিশ আটক হওয়া সন্ত্রাসীর নাম নিশ্চিত না করলেও বলেছে, বন্দুকধারী খুব সম্ভবত একটি সন্ত্রাসবাদী দলের সদস্য। স্থানীয় পুলিশ এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানানো হয়েছে। বিবিসি।