অ্যারিজোনা ও মিশিগানের প্রাইমারিতে রমনির জয়
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে (প্রাইমারি) অ্যারিজোনা ও মিশিগান অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গতকাল মঙ্গলবার অ্যারিজোনা ও মিশিগান অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। মিশিগানে অনুষ্ঠিত এ নির্বাচনে রিক স্যান্টোরামের সঙ্গে মিট রমনির হাড্ডাহাড্ডি লড়াই হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মিশিগানের প্রাইমারিতে গণনাকৃত ৮৭ শতাংশ ভোটের মধ্যে মিট রমনি ৪১ শতাংশ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম পেয়েছেন ৩৮ শতাংশ ভোট। এ ছাড়া টেক্সাসের আইনপ্রণেতা রন পল ১২ শতাংশ এবং নিউট গিংরিচ পেয়েছেন ৭ শতাংশ ভোট।তবে স্যান্টোরামের বিরুদ্ধে অ্যারিজোনার সহজ জয় পেয়েছেন রমনি। গণনাকৃত ৬২ শতাংশ ভোটের মধ্যে রমনি ৪৮ শতাংশ এবং স্যান্টোরাম পেয়েছেন ২৬ শতাংশ ভোট। এ ছাড়া এই অঙ্গরাজ্যের নিউট গিংরিচ ১৬ শতাংশ ও রন পল ৮ শতাংশ ভোট পেয়েছেন। অ্যারিজোনা ও মিশিগানে জয়লাভ ব্যাপারে আগে থেকেই আশাবাদী ছিলেন রমনি। বিশেষ করে নিজ জন্মস্থান মিশিগানের নির্বাচন তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। রমনির বাবাও এই অঙ্গরাজ্যের জনপ্রিয় গভর্নর ছিলেন। অ্যারিজোনা ও মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারির আজকের ফলাফলের পর এখন সবার দৃষ্টি আগামী ৬ মার্চের দিকে। ওই দিন ১০টি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের ফলাফলই নির্ধারণ করে দেবে, রিপাবলিকান দলের হয়ে কে লড়বেন বারাক ওবামার বিরুদ্ধে।