অ্যারোইয়োকে গ্রেপ্তারের নির্দেশ
রাষ্ট্রীয় লটারির অর্থের অপব্যবহার ও লুটের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়োকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ওই দেশের একটি আদালত। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। ফিলিপাইনের একটি সরকারি দাতব্য প্রতিষ্ঠানের লটারির ৮৮ লাখ মার্কিন ডলার নিজের ব্যাংক হিসাবে সরিয়ে নিয়েছেন বলে অ্যারোইয়োর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগ অস্বীকার করে অ্যারোইয়ো বর্তমান প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোকে এসব কিছুর জন্য দায়ী করেছেন। ফিলিপাইনে লুটের অভিযোগে করা মামলা জামিন অযোগ্য। এই মামলার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ২০১১ সালের নভেম্বরে স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশত্যাগের চেষ্টা করায় অ্যারোইয়োকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া চলতি বছরের শুরুর দিকে ভোট জালিয়াতির অভিযোগে অ্যারোইয়োকে আরেকবার আটক করা হয়। পরে জুলাই মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। ৬৫ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট অ্যারোইয়ো ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি এখন একজন আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।