বৈশাখী টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক নাটবল্টু। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সকাল আহমেদ। একই চ্যানেলে দেখানো হবে আরেকটি ধারাবাহিক নাটক, ও চাঁদ। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। দুটি নাটকেই অভিনয় করছেন স্বাগতা। কথা হলো তাঁর সঙ্গে। ‘নাটবল্টু’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটির শুটিং করেছিলাম গত বছর। এখানে আমি বায়িং হাউসের একজন কর্মী। একই অফিসে কাজ করে সজল। তার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। একসময় আমাকে না জানিয়েই সে তিশাকে বিয়ে করে। ব্যাপারটি আমি মেনে নিতে পারি না। তারপর প্রতিশোধ নেওয়ার জন্য আমি নানা ধরনের কাজ করতে থাকি।আর ‘ও চাঁদ’? এখন নাটকটির গল্প আমাকে কেন্দ্র করেই এগোচ্ছে। এখানে আমার চরিত্রের নাম রিয়া। বিশ্ববিদ্যালয়ে পড়ছি। গানের প্রতি ঝোঁক রয়েছে। চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব আসে। এরপর এক দুর্ঘটনার মুখোমুখি হতে হয় আমাকে। ঈদের কাজের খবর কী?আমার ভাই সন্ধি গানের সঙ্গে জড়িত। এবার ঈদে ওর সুর করা গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হচ্ছে। এই অ্যালবামের কাজ করতে গিয়ে ঈদের নাটকের কাজ সেভাবে করতে পারিনি। তার পরও এবার ঈদে আমার দুজন খুব প্রিয় মানুষের সঙ্গে কাজ করেছি। একজন হুমায়ূন আহমেদ, অন্যজন হানিফ সংকেত। হুমায়ূন আহমেদের নাটকের শুটিং কয়েক দিনের মধ্যে শুরু হবে। এ ছাড়া এবার ঈদে নুরুল আলম আতিক, মীর সাব্বির, শুভ্র উজ্জল ও শ্রাবণী খানের নাটকে কাজ করেছি।সন্ধির অ্যালবামে আপনিও গান করেছেন?না, গান করিনি। অ্যালবামটি নিয়ে একটি নাটক তৈরি হয়েছে। নাটকটির গল্পের মধ্য দিয়ে অ্যালবামের গানগুলোর পটভূমি তুলে ধরা হয়েছে। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন ইরেশ যাকের। অ্যালবামের নাম ভালোবাসি তোমাকে। রবীন্দ্রসংগীত, লোক, দেশাত্মবোধক, রক, মেলো-রকসহ সব ধরনের গানই রয়েছে অ্যালবামে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, পৃত্থিরাজ, কুহু মান্নান, সভ্যতা ও সন্ধি। সচরাচর অ্যালবামে যে ধরনের গান শুনি, ভালোবাসি তোমাকে সেগুলো থেকে একেবারেই আলাদা।