রোকাইয়া হাসিনা শহীদ বুদ্ধিজীবী রাশিদুল হাসানের মেয়ে। রবীন্দ্রসংগীত চর্চা করছেন পুরো চার দশক। নিজের চতুর্থ অ্যালবাম কী সুর জাগাওর জন্য পেয়েছেন ‘সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার’। আজ বেরোচ্ছে তাঁর পঞ্চম অ্যালবাম, সেই বাঁশিটির সুরে সুরে। অ্যালবামটির পরিবেশক ও সিরিজ। আজ সন্ধ্যা সাতটায় অ্যালবামটির মোড়ক খোলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। কথা হলো রোকাইয়া হাসিনার সঙ্গে।‘সেই বাঁশিটির সুরে সুরে’ অ্যালবামের গানগুলো নিয়ে কিছু বলুন।অ্যালবামটি উৎসর্গ করেছি মাকে। বাবাকে মুক্তিযুদ্ধের সময় হত্যা করা হয়। বাবার ইচ্ছা আর মায়ের উৎসাহ ও অনুপ্রেরণায় আমি সেই পাঁচ বছর বয়স থেকে গান শিখছি। আমার মায়ের পছন্দের কিছু গান গেয়েছি এখানে। পাশাপাশি আমার কয়েকজন শুভানুধ্যায়ী ও প্রিয়জনের গান করেছি। কানাডায় আমাদের এক বন্ধু-দম্পতি আছেন। তাঁদের সন্তান মারা গেছে। তাঁদের খুব প্রিয় একটি গান ‘আমার প্রাণের পরে’ আর আমার স্বামীর পছন্দ ‘দূরে কোথাও’। ১৯৭৪ সালে সৈয়দ হাসান ইমাম তাঁর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য আমাকে দিয়ে ‘তোমায় আমায় মিলন হবে’ গানটি গাইয়েছিলেন। এই সব কটি গানই রেখেছি নতুন অ্যালবামটিতে।অ্যালবামটির কাজ কবে করেছিলেন?গত বছর মে মাসে। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে কলকাতায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি ‘মিতালী’র আমন্ত্রণে আমি কলকাতা, যাদবপুর আর নদিয়াতে গান করেছি। তারই ফাঁকে দূর্বাদল চট্টোপাধ্যায়ের সংগীতায়োজনে পুরো অ্যালবামটির কাজ করেছি। মোট সময় লেগেছে সাত দিন।আপনার প্রথম তিনটি অ্যালবাম কবে বেরিয়েছিল?প্রথমটি ছিল রোকাইয়া হাসিনার রবীন্দ্রসংগীত (১৯৮৮)। ওটার রেকর্ড করা হয়েছিল অটোয়াতে কালটন বিশ্ববিদ্যালয়ের রেডিও স্টুডিওতে। বেরও হয়েছিল ওখান থেকেই। দ্বিতীয়টি এবার আমায় ডাকলে দূরে (১৯৯৭) এবং তৃতীয়টি বাজে ঝরনার গান (২০০৬)।আজকের অনুষ্ঠানে আপনি গান করবেন?হ্যাঁ, ১৫টি গান গাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।