দীপ্তর প্রথম অ্যালবাম সরল অঙ্ক (২০০৮) আর দ্বিতীয়টি আগুন জ্বালিয়ে দাও (২০০৮)। একই বছর পরপর দুটি অ্যালবাম, কিন্তু তৃতীয়টির জন্য বিরতি তিন বছর। কেন? দীপ্ত বললেন, ‘গান নিয়ে নিজের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। একসময় তো ভেবেছিলাম, আর গানই করব না। কী লাভ! ৩০ সেকেন্ডের একটা বিজ্ঞাপনচিত্রের সংগীত করে যা পাই, প্রচুর কষ্ট করে পুরো অ্যালবাম থেকে তার অর্ধেকও পাই না।’ না, দীপ্তর এই হতাশা কেটে গেছে। ভালোবাসা দিবস উপলক্ষে এসেছে তাঁর নতুন অ্যালবাম রসায়ন। সংগীতায়োজন করেছেন পাভেল আরীন। এনেছে অগ্নিবীণা। কথা হলো দীপ্তর সঙ্গে।অ্যালবামের নাম ‘রসায়ন’ কেন?আমার এই অ্যালবামের সব কটি গানই কিন্তু তরুণদের জন্য। সবকিছু তাদের চোখে দেখা, তাদের লাইফস্টাইল, ভাবনা, স্বপ্ন, পরিকল্পনা—এই সব নিয়েই গানগুলো। একটা গানের কথা বললে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন, ‘খাচ্ছি-দাচ্ছি ঘুরছি ফিরছি/ উড়ছে ছুটছে তড়িৎ মন/ নাইছি গাইছি স্বপ্ন দেখছি/ কী অদ্ভুত এক রসায়ন’। গানটার শিরোনাম ‘রসায়ন’।আপনি তো গান লেখেন, সুর করেন।... এবারও বেশির ভাগ গানই আমার লেখা ও সুর করা। এখানে আমার খুব প্রিয় একটি গান রেখেছি, রবীন্দ্রসংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’। এখানে সংগীতায়োজনে আমি নতুন কিছু করতে চেয়েছি। ফিউশনও বলতে পারেন। আপনার একটা ব্যান্ড ছিল। ওটার কী খবর?আমাদের ব্যান্ডের নাম অরণ্য। ব্যান্ড গড়েছি প্রায় এক যুগ হয়ে গেল। মাঝে লাইনআপে কিছুটা পরিবর্তন হয়েছে। এখন যে লাইনআপ আছে, তা নিয়ে আমরা বছর দুয়েক ধরে গান করছি। কনসার্ট আর টিভিতে লাইভ অনুষ্ঠান বেশি করছি। ভালোই হচ্ছে।গানের বাইরে আর কী করছেন?আমি একটি নির্মাণ প্রতিষ্ঠানে প্রশাসন বিভাগের প্রধান হিসেবে কাজ করছি। ওখানে প্রচুর সময় দিতে হয়। আর গানের কাজ করি রাতে।