অ্যালবামের জন্য গান করছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী
‘অ্যালবামের জন্য কখনো কোনো গানে আমি কণ্ঠ দিইনি।’ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর এমন বক্তব্য শুনে যে কেউ হয়তো একটু অবাক হবেন। ভাববেন, তাহলে খুব জনপ্রিয় হওয়া জীবনানন্দ কিংবা পরে আধুনিক বাংলা গান ১ অ্যালবাম দুটি কীভাবে বেরিয়েছিল? শাস্ত্রীয় সংগীতের এই শিক্ষাগুরু এবং পাটিয়ালা ঘরানার শিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী বললেন, ‘জীবনানন্দ অ্যালবামে আমার যে গানগুলো রয়েছে, তার সব কটিই বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন থেকে সংগ্রহ করে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবাম আকারে বের করেছিল। তবে এ ব্যাপারে প্রতিষ্ঠানটি আমার অনুমতিও নিয়েছিল। আর আধুনিক বাংলা গান ১ গুরু-শিষ্যের একটি নিরীক্ষা বলতে পারেন।’অনেক বছর পর আবার শ্রোতারা এবার নিয়াজ মোহাম্মদ চৌধুরীর নতুন গান শুনতে পাবেন। শিল্পীর ভাষায়, ‘টুকরো টুকরো কাজ হচ্ছে।’অ্যালবামটি প্রকাশ করবে জি-সিরিজ।অ্যালবামের ছয়টি গানের কথা লিখেছেন এবং সব কটি গানের সুর করেছেন অর্ফিয়াস। কে এই অর্ফিয়াস? নিয়াজ মোহাম্মদ চৌধুরী বললেন, ‘আমি নিজেই ছদ্মনামে গানের কথা লিখেছি, সুর করেছি। অনেকের কাছ থেকেই গান নিয়েছি, কিন্তু পছন্দ হয়নি।’ আরও বললেন, ‘গানগুলোতে এখনো কণ্ঠ দেওয়া হয়নি। আশা করছি, শিগগিরই হয়তো কণ্ঠ দিতে পারব।’