ডাক নাম: শেফ, কুকি।জন্ম: ২৫ ডিসেম্বর, ১৯৮৪, গ্লস্টার, ইংল্যান্ড।উচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চি।স্বীকৃতিএনবিসি ডেনিশ কম্পটন অ্যাওয়ার্ড, ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত টানা চারবার।পিসিএ ইয়াং ক্রিকেটার অব দ্য ইয়ার, ২০০৫ ও ২০০৬।সিডব্লুসি ইয়াং ক্রিকেটার অব দ্য ইয়ার, ২০০৫।প্রিয় ও অন্যান্যআদর্শ: গ্রাহাম গুচ।অন্য খেলা: ফুটবল, রাগবি।অন্য খেলার দল: কোলচেস্টার ইউনাইটেড।প্রিয় মাঠ: লর্ডস।কঠিনতম বোলার: শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন।ছুটি কাটানোর প্রিয় জায়গা: ওয়েস্ট ইন্ডিজ।মেজো ছেলেটার গানের প্রতি প্রচণ্ড ঝোঁক ছোটবেলা থেকেই। ব্যাংকার গ্রাহাম ও শিক্ষিকা স্টেফানি দম্পতি ছেলের অষ্টম জন্মদিনে উপহার দিলেন একটা ক্লারিনেট। সেটা নিয়ে ছেলের কী মাতামাতি! গানের প্রতি এত আগ্রহ দেখে ছেলেকে লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে পাঠিয়ে দিলেন তাঁরা। সেখানে কোরাস গেয়েছে সে টানা পাঁচ বছর। ১৩ বছর বয়সে ছেলেটি সংগীতে স্কলারশিপ পেয়ে গেল নামকরা বেডফোর্ড স্কুলে। অল্পদিনেই আয়ত্ত করে ফেলল পিয়ানো ও স্যাক্সোফোন বাজানো। পুরো স্কুলে ছড়িয়ে পড়ল নাম। কী বুঝলেন, সংগীতে ভবিষ্যৎ উজ্জ্বল?নিয়তি যে অ্যালিস্টার কুকের জন্য রেখেছে অন্য রকম কিছু! সংগীতচর্চার পাশাপাশি টুকটাক ক্রিকেটও খেলতেন। এমসিসি অনূর্ধ্ব-১৩ দলের সঙ্গে এক ম্যাচের ঠিক আগ মুহূর্তে চোট পেলেন বেডফোর্ডশায়ারের ওপেনার। ধারেকাছে কুককে পেয়ে মাঠে নামিয়ে দেওয়া হলো। করে বসলেন সেঞ্চুরি! স্কুলের প্রধান কোচ, সাবেক টেস্ট অলরাউন্ডার ড্যারেক র্যান্ডাল তো আর কুককে ছাড়েন না। কুকও মজা পেয়ে যান। স্কলারশিপের বিষয় হয়ে যায় গৌণ। র্যান্ডালের নিবিড় পর্যবেক্ষণে চলে নিয়মিত ক্রিকেটচর্চা, স্কুল ক্রিকেটে বইয়ে দেন রানের বন্যা। পরের চার বছরে ১৯টি সেঞ্চুরি, নব্বইয়ের কাছাকাছি গড়, সব রেকর্ড-টেকর্ড ভেঙে স্কুল ক্রিকেটে রীতিমতো কিংবদন্তি হয়ে যান। সুযোগ পেয়ে যান অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ইংল্যান্ড দলে, ২০০৪ সালে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশকে দিয়েছিলেন নেতৃত্ব। তবে ক্রিকেটের এমন তোড়ে সংগীতকে পুরোপুরি ভুলে যাননি। প্রমাণ, স্কুলের শেষ বছরে তাঁর মিউজিক সোসাইটির প্রেসিডেন্ট হওয়া!স্কুল ছাড়ার পর এসে দাঁড়ায় জীবনের নতুন বাঁক। কাউন্টি ক্লাব এসেক্স কুককে তাদের একাডেমির সদস্য করে নিয়েছিল ১৫ বছর বয়সেই। স্কুল ছাড়ার পর পেলেন মূল দলে খেলার প্রস্তাব। বাবা-মা চাচ্ছিলেন ছেলে লাফবোরো বা ডারহাম বিশ্বদ্যািলয়ে পড়বে, তারপর ক্রিকেট। ওই মৌসুমে ওপেনার ড্যারেন রবিনসনকে ছেড়ে দিয়েছিল এসেক্স, সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না কুক। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ছয় ইনিংসে তিন ফিফটি। জায়গা পাকা হয়ে গেল, রানও আসতে থাকল নিয়মিত। জাতীয় দলে ঢোকার আগেই নাম হয়ে গিয়েছিল গোল্ডেন বয়!রূপকথার আরেক অধ্যায়ের শুরু ২০০৬ সালে। ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন। মার্কাস ট্রেসকোথিকের চোটে হঠাৎই ডাক পেয়ে যান ভারত সফররত টেস্ট দলে। অভিষেকেই ফিফটি ও সেঞ্চুরি! সেই যে দলে এলেন, গতবছরের মাঝামাঝি সময় পর্যন্ত দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠেনি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে জায়গা বাঁচালেন। এবারের অ্যাশেজে তো নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়।প্রথম ভালোবাসা ক্রিকেট হলেও হূদয়ের একটা জায়গাজুড়ে গানটা কিন্তু আছেই। স্যাক্সোফোনটাই বেশি প্রিয়, কোনো একদিন একটা জ্যাজ ব্যান্ডের হয়ে বাজানোর সুপ্ত ইচ্ছে পুষে রেখেছেন মনে। এমনিতে আইপডে সব সময় হাজার হাজার গান থাকে। এলটন জন থেকে শুরু করে রাজরলাইট, দ্য কিলারস থেকে স্নো প্যাট্রল, সব শোনেন। নানা-নানি বেঁচে থাকতে অবসর পেলেই তাঁদের দেখতে চলে যেতেন মায়ের দেশ ওয়েলসে। এখন অবসরের বেশির ভাগ কাটে ওবার্নে বান্ধবী এলিস হান্টের ফার্মে। সে সময় পুরোপুরিই ‘ফার্মার’ হয়ে যান। পশুর যত্ন, ভেড়ার লোম ছাড়ানো, ট্রাক্টর চালানো, মুরগিদের খাওয়ানো—সব করেন নিজের হাতে। বয়সে বছর আটেকের বড় সাবেক মডেল এলিসের সঙ্গে কুকের পরিচয় লন্ডনের একটি পাবে, ২০০৬ সালে। সেই থেকে আছেন একসঙ্গে। অনেক চ্যারিটির সঙ্গে যুক্ত, যতটা পারেন সমাজসেবার চেষ্টা করেন। টেস্টিকুলার ক্যানসারবিরোধী প্রচারণার জন্য সতীর্থ জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গে একটি ম্যাগাজিনের জন্য পোজ দিয়েছিলেন শুধু একটি করে ব্যাটে নিজেদের আবৃত করে। ঘটনাবহুল জীবন, মাত্র ২৩ বছর বয়সেই তাই বের করেছেন নিজের প্রথম আত্মজীবনী স্টার্টিং আউট—মাই স্টোরি সো ফার।অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকেই ভবিষ্যৎ ইংল্যান্ড অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে তাঁকে। গত বাংলাদেশ সফরে সেই অভিজ্ঞতাও হয়েছে। তবে এখন লক্ষ্য শুধু রান করে যাওয়া। স্কুল ক্রিকেটের ‘কিংবদন্তি’ যে কিংবদন্তি হতে চান বড়দের ক্রিকেটেও! আরিফুল ইসলাম