অ্যালেন গিন্সবার্গ চরিত্রে ড্যানিয়েল র্যাডক্লিফ
‘হ্যারি পটার’ খ্যাত ড্যানিয়েল র্যাডক্লিফ জানিয়েছেন, বিট আন্দোলনের সময়কে ঘিরে নির্মিতব্য এক ছবিতে তিনি বিট কবি অ্যালেন গিন্সবার্গ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ২২ বছর বয়সী হলিউডের এই তরুণ অভিনেতা জানিয়েছেন, এই ছবিসংক্রান্ত প্রকল্পের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরেই জড়িত ছিলেন। কন্ট্যাক্টমিউজিক এক খবরে এই তথ্য জানিয়েছে।র্যাডক্লিফ জানিয়েছেন, ‘শেষ পর্যন্ত যে বিষয়টি নিয়ে কথা বলতে পারছি এতে আমি আনন্দিত। এটি এমন একটি বিষয়, যার সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত রয়েছি আমি।’ তিনি আরও জানিয়েছেন, এই ছবির কাহিনি একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত, যা বিশ্বে বিট জেনারেশন সৃষ্টিতে ভূমিকা রেখেছিল। র্যাডক্লিফ জানিয়েছেন, এর নাম দেওয়া হয়েছে ‘কিল ইয়োর ডার্লিং’। যেহেতু বিট জেনারেশনের প্রসঙ্গটি এই ছবির কাহিনির সঙ্গে সম্পর্কিত, সংগত কারণেই ছবিটি অ্যালেন গিন্সবার্গ, জ্যাক কেরুয়াক, উইলিয়াম বারোসদের নিয়ে। যাঁদের বিশেষ ভূমিকা ছিল বিট আন্দোলনে। হ্যারি পটার তারকা র্যাডক্লিফ গিন্সবার্গ চরিত্রটিতে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত হয়েছেন, এটি তাঁর বক্তব্যেই স্পষ্ট ফুটে উঠেছে। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি একটি অসামান্য ছবি হতে যাচ্ছে। ছবির চরিত্রগুলোর জন্য ইতিমধ্যে যাদের নেওয়া হয়েছে, তা-ও এক কথায় অসাধারণ। র্যাডক্লিফ ছাড়াও এই ছবিতে অভিনেতা ক্রিস ইভান্স, জেসে আইসেনবার্গ অভিনয় করছেন বলে জানা গেছে।উল্লেখ্য, বিট আন্দোলনের পুরোধা কবি অ্যালেন গিন্সবার্গ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যা ও নিপীড়নের শিকার এ দেশের অসংখ্য অসহায় মানুষের দুর্দশায় সমব্যথী হয়েছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধের শেষ দিকে মার্কিন এই কবি তাঁর বন্ধু ভারতের কবি-লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কলকাতা হয়ে বাংলাদেশের যশোরসংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অংশে আসেন। সে সময় শরণার্থীদের দুঃখ-দুর্দশায় আবেগাপ্লুত গিন্সবার্গ লিখেছিলেন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। পরে সেই কবিতা গান হয়ে পাশে দাঁড়িয়েছিল এ দেশের মানুষের। গিন্সবার্গের সেই কবিতা আজও বাংলাদেশের মানুষদের সঙ্গে তাঁর আত্মার গভীর সম্পর্কের স্মারক।