অ্যাসাঞ্জ জনসমক্ষে আসবেন বৃহস্পতিবার
লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ছয় মাস পূর্তি উপলক্ষে আগামী বৃহস্পতিবার জনসমক্ষে আসার ঘোষণা দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গতকাল রোববার উইকিলিকসের পক্ষ থেকে টুইটারে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। আজ সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।টুইটারে দেওয়া এক বার্তায় উইকিলিকস জানায়, লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ছয় মাস ধরে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। এ উপলক্ষে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইকুয়েডরের দূতাবাসের সামনে জনতার উদ্দেশে ভাষণ দেবেন অ্যাসাঞ্জ।এর আগে গত ১৯ আগস্ট লন্ডনের ইকুয়েডর দূতাবাসের বারান্দায় উপস্থিত হয়ে জনসাধারণের উদ্দেশে বক্তব্য দিয়েছিলেন অ্যাসাঞ্জ। ওই সময় অসংখ্য মানুষ তাঁর কথা শোনার জন্য ইকুয়েডরের দূতাবাসের সামনে জড়ো হয়েছিল।যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের লাখ লাখ গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে উইকিলিকস। সুইডিশ সরকার তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যে অবস্থানরত অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ।এর কিছুদিন পর তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হলেও যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণের পক্ষে রায় দেন। এরপর চলতি বছরের জুনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। ১৬ আগস্ট তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয় ইকুয়েডর। তখন থেকে ওই দূতাবাসে অবস্থান করছেন তিনি। দূতাবাস থেকে বের হলে লন্ডন পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে বলে ঘোষণা দিয়েছে।