অ্যাসাঞ্জ নয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গকে বেছে নিল টাইম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠকের ভোটে শীর্ষে ছিলেন তোলপাড় করা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ভোট পেয়েছিলেন তিন লাখ ৮২ হাজার ২০টি। তবে বিখ্যাত টাইম সাময়িকী ২০১০ সালের সেরা ব্যক্তিত্ব (পারসন অব দ্য ইয়ার) খেতাবের জন্য তাঁকে বাদ দিয়ে বেছে নিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক ইলিয়ট জাকারবার্গকে। টাইম-এর ব্যবস্থাপনা সম্পাদক রিচার্ড স্ট্যাঙ্গল বলেছেন, ‘ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের ধাঁচটাই পাল্টে দিয়েছে।’ তবে অ্যাসাঞ্জকে ‘উপেক্ষা’র সমালোচনাও করেছেন অনেকে। তাঁদের মতে, রাজনৈতিক কারণেই অ্যাসাঞ্জকে বাদ দেওয়া হয়েছে।সেরা ব্যক্তিত্বের খেতাবের পর যুক্তরাষ্ট্রের রক্ষণশীল টি-পার্টি আন্দোলনের নাম এসেছে। রানারআপ হওয়া টি-পার্টি আন্দোলন কিছুদিন আগে শেষ হওয়া দেশটির মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের ব্যাপক প্রভাবিত করতে সক্ষম হয়। আর তৃতীয় অবস্থানে ঠাঁই পেয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। চতুর্থ অবস্থানে আছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং পঞ্চম অবস্থানে চিলির খনিতে আটকে পড়ার প্রায় আড়াই মাস পর উদ্ধার হওয়া শ্রমিকেরা।জাকারবার্গকে নিয়ে প্রকাশিত টাইম-এর প্রচ্ছদ প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, ‘৫০ কোটিরও বেশি মানুষের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করে, তাঁদের মধ্যকার সামাজিক সম্পর্কের রূপরেখা বদলে দিয়ে, তথ্য আদান-প্রদানের একটি নতুন পন্থা বাতলে এবং সর্বোপরি আমাদের জীবনধারা বদলে দিয়ে টাইমস পারসন অব দ্য ইয়ার-২০১০ হয়েছেন জাকারবার্গ।’ আগামীকাল শুক্রবার পাঠকের হাতে পৌঁছাবে টাইম-এর এ সংখ্যা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাকারবার্গ বলেছেন, ‘বিশ্বের কোটি কোটি মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য যা চাইছিল, আমরা ছোট্ট একটি দল মিলে তা করতে পেরেছি। টাইম-এর এই স্বীকৃতি আমাদের সেই কাজের পুরস্কার। এই কাজের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।’২০০৪ সালে যখন ফেসবুক চালু হয়, তখন জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিরও বেশি। ফেসবুকের জন্য কাজ করছেন এক হাজার ৭০০ কর্মকর্তা-কর্মচারী। জাকারবার্গ ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ২৬ বছর বয়সী জাকারবার্গের সম্পদের পরিমাণ ৬৯০ কোটি মার্কিন ডলার। এ মাসেরই প্রথম দিকে তিনি তাঁর সম্পদের একটি বড় অংশ দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছেন।জাকারবার্গকে নিয়ে এ বছর একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ফেসবুকের উত্থানের কাহিনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রের নাম দ্য সোশ্যাল নেটওয়ার্ক।বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের মধ্য থেকে প্রতিবছর পারসন অব দ্য ইয়ার নির্বাচন করে টাইম। তাঁকে নিয়ে সাময়িকীর প্রচ্ছদ প্রতিবেদন হয়। ১৯২৭ সাল থেকে টাইম এ খেতাব ঘোষণা করে আসছে। প্রথমবার এ সম্মান পেয়েছিলেন মার্কিন বৈমানিক চার্লস লিন্ডবার্গ। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ২৫ বছর। এরপর থেকে অনেক বিখ্যাত ব্যক্তি এ সম্মান পেয়েছেন, কিন্তু এত কম বয়সে আর কেউ পাননি। এবার ২৬ বছর বয়সে এ খেতাব পেলেন জাকারবার্গ। ২০০৯ সালে এ পুরস্কার পান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান বেন বার্নেনকি। তাঁর আগের বছর পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টাইম, বিবিসি, এএফপি।