অ্যাসাঞ্জ-বিতর্কে ইকুয়েডরের পক্ষে ওএএস
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধের প্রেক্ষাপটে ইকুয়েডরের পক্ষে সমর্থন জানিয়েছে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস)। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গতকাল শুক্রবার আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত ৩৫টি সদস্য রাষ্ট্রের এ সংগঠনটির পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ইকুয়েডরের অভিযোগ, জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর যুক্তরাজ্য সরকার লন্ডনে তাদের দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এর প্রেক্ষাপটে ওএএসের বিশেষ বৈঠকের উদ্যোগ নেয় ইকুয়েডর।সংগঠনটির ওই বৈঠকে ভোটাভুটির মাধ্যমে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। গৃহীত প্রস্তাবে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দূতাবাসগুলোর মর্যাদা বজায় রাখার ব্যাপারে তাঁদের সমর্থন জানিয়েছেন।জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর যুক্তরাজ্য সরকার লন্ডনে দূতাবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ আনে ইকুয়েডর। তবে ইকুয়েডরের আবেদন সত্ত্বেও ওএএসের গৃহীত প্রস্তাবে লন্ডনে তাদের দূতাবাসে হুমকির কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে যুক্তরাজ্য দাবি করেছে, তারা এ ধরনের কোনো হুমকি দেয়নি।প্রস্তাব গ্রহণের পাশাপাশি যুক্তরাজ্য ও ইকুয়েডরকে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে ওএএস।যৌন অপরাধের মামলায় যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যর্পণ এড়াতে প্রায় দুই মাস আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চান অ্যাসাঞ্জ। গত সপ্তাহে ইকুয়েডর অ্যাসাঞ্জের আবেদন গ্রহণ করলে যুক্তরাজ্যের সঙ্গে তাদের কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়।