অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার খবর নাকচ
হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার খবর নাকচ করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। আজ বুধবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইকুয়েডর। গত জুনে সুইডেনে প্রত্যর্পণের আশঙ্কায় ওই দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। সুইডেনের আদালতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগসহ দুটি মামলা ঝুলছে। অ্যাসাঞ্জ এসব অভিযোগ অস্বীকার করেছেন।গার্ডিয়ানের ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া টুইটারে তাঁর প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার বিষয়ে যে খবর রটেছে, তা মিথ্যা। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।’ কোরেয়া জানান, আজ বুধবার তিনি তাঁর উপদেষ্টাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।এর আগে গত সোমবার এক টেলিভিশন সাক্ষাত্কারে রাফায়েল কোরেয়া বলেন, তিনি অ্যাসাঞ্জের প্রতি সহানুভূতিশীল। কিন্তু যুক্তরাজ্যের আইনিপ্রক্রিয়া এবং আন্তর্জাতিক আইনের প্রতিও তিনি শ্রদ্ধাশীল। অ্যাসাঞ্জের বিষয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার জন্য ইকুয়েডর সরকার এর মধ্যে যথেষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে বলে তিনি জানান।যুক্তরাজ্যের পুলিশ অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে যাতে সুইডেনে ফেরত পাঠাতে না পারে, এ জন্য অনেকটা নাটকীয়ভাবে গত ১৯ জুলাই তিনি ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। রাজনৈতিক আশ্রয় পেলেও অ্যাসাঞ্জ যুক্তরাজ্য ছেড়ে ইকুয়েডর যেতে পারবেন কি না, তা পরিষ্কার নয়।২০১০ সালে দেওয়া জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে অ্যাসাঞ্জকে আবার গ্রেপ্তার করতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ।