অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের হুমকি যুক্তরাজ্যের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর অভিযোগ করেছে, লন্ডনে দেশটির দূতাবাসে ঢুকে জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে যুক্তরাজ্য। গ্রেপ্তার এড়াতে গত ১৯ জুন ওই দূতাবাসে আশ্রয় নেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের এই প্রতিষ্ঠাতা। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।ইকুয়েডরের রাজধানী কিটোয় গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে (নিউজ কনফারেন্স) দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো বলেন, যুক্তরাজ্য সরকারের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন তাঁরা। চিঠির ভাষা অনেকটা হুমকির মতো। যেখানে আভাস দেওয়া হয়েছে, ইকুয়েডর কর্তৃপক্ষ যদি যুক্তরাজ্যের কাছে অ্যাসাঞ্জকে হস্তান্তর না করে, তবে তারা দূতাবাসে ঢুকে তাঁকে বের করে নিয়ে যাবে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের কাছ থেকে এ ধরনের হুমকি ইকুয়েডর জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক, সভ্য ও আইনের নির্দেশ মেনে চলা দেশের কাছ থেকে এ ধরনের চিঠি অপ্রত্যাশিত। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য যদি চিঠিতে উল্লেখ করা কথাগুলোর বাস্তবায়ন ঘটায়, তবে এটিকে ইকুয়েডরের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে বিবেচনা করা হবে। এ ধরনের আচরণ আমাদের শক্তিপ্রয়োগে বাধ্য করবে। আমরা কোনো ব্রিটিশ উপনিবেশ নই।’ইকুয়েডরের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, যুক্তরাজ্য ৪১ বছর বয়সী অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এখনো পর্যন্ত কূটনৈতিক প্রাঙ্গণে অবস্থান করছেন বলে পুলিশ অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করতে পারছে না। যুক্তরাজ্য ইকুয়েডরকে জানিয়েছে, এ মামলায় দেশটি ‘কূটনৈতিক ও কনস্যুলার প্রাঙ্গণ আইন ১৯৮৭’ (ডিপ্লোমেটিক অ্যান্ড কনস্যুলার প্রেমিসেস অ্যাক্ট) ব্যবহার করতে পারে। এই আইনের বলে যুক্তরাজ্যের মাটিতে অবস্থিত যেকোনো দেশের দূতাবাসের কূটনৈতিক মর্যাদা প্রত্যাহার করে নিতে পারবে দেশটি। এতে পুলিশ চাইলেই লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে থাকা অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করতে পারবে।লন্ডনের নাইটসব্রিজে ইকুয়েডরের দূতাবাসের বাইরে গতকাল বুধবার অনেক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। সেখানে অ্যাসাঞ্জের কিছু সমর্থকও ভিড় জমান। ইকুয়েডরের রাজধানী কিটোয় যুক্তরাজ্যের দূতাবাসের বাইরেও বিক্ষোভ হয়েছে। তাঁরা ‘আমরা সার্বভৌম, কলোনি নই’ লেখা নানা প্রতীক প্রদর্শন করেন।সুইডেনে পাঠিয়ে দেওয়া হতে পারে এমন আশঙ্কায় অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। যৌন হয়রানির অভিযোগে সুইডেনে তাঁর বিরুদ্ধে মামলা চলছে।