অ্যাসাঞ্জকে ঘিরে ইকুয়েডর ও যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ঘিরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইকুয়েডরের মধ্যে উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। গত রোববার অ্যাসাঞ্জ এক বিবৃতিতে উইকিলিকসের পেছনে লাগা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। অপরদিকে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া যুক্তরাজ্যের প্রতি অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের হুমকি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, অ্যাসাঞ্জের ব্যাপারে তাঁরা যুক্তরাজ্য ও সুইডেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।লন্ডনে রোববার ইকুয়েডর দূতাবাসের দোতলার বারান্দা থেকে বিশ্ব গণমাধ্যমের উদ্দেশে বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, ‘উইকিলিকসের পেছনে লাগা বন্ধ এবং সঠিক কাজটি করতে আমি প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানাচ্ছি।’ সুইডেনে প্রত্যর্পণ এড়াতে গত ১৯ জুন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জ মনে করেন, প্রেসিডেন্ট ওবামার সামনে দুটি পথ খোলা আছে। যে বিপ্লবী আদর্শের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলোকে তুলে ধরতে পারে আজকের ওবামা প্রশাসন। অথবা সাংবাদিকদের কণ্ঠ রোধ করে এক ভয়ংকর ভবিষ্যতের দিকে বিশ্বকে টেনে নিয়ে যেতে পারে। বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, উইকিলিকসের ওপর আঘাত মত প্রকাশের স্বাধীনতার ওপরই আঘাত। উইকিলিকস হোক কিংবা নিউইয়র্ক টাইমস হোক, কোনো গণমাধ্যমকেই কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়। সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে মামলা আছে। যুক্তরাজ্য চাইছে তাঁকে সুইডেনের হাতে তুলে দিতে। কিন্তু অ্যাসাঞ্জের ভয়, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। উইকিলিকসে মার্কিন গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস করে দেওয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ তাঁর বিচার করতে পারে এবং সেই বিচারে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। এই ভয়ে সুইডেনের হাতে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ ঠেকাতে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। ইকুয়েডর অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় আবেদন মঞ্জুর করায় যুক্তরাজ্য এর কড়া প্রতিবাদ জানায় এবং দূতাবাসটিতে প্রবেশ করে তাঁকে গ্রেপ্তারের হুমকি দেয়।ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, দূতাবাসে প্রবেশ করে অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের হুমকি যুক্তরাজ্যকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। এই হুমকি যুক্তরাজ্যের আত্মহত্যার শামিল। তিনি জানান, এমন অগ্রহণযোগ্য আচরণ ও হুমকি সত্ত্বেও অ্যাসাঞ্জের বিষয় নিয়ে তাঁরা যুক্তরাজ্য ও সুইডেনের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন। কোরেয়া আরও বলেন, অ্যাসাঞ্জকে তৃতীয় কোনো দেশের কাছে তুলে দেওয়া হবে না—এমন আশ্বাস পেলেই অ্যাসাঞ্জ সুইডেনকে সহযোগিতা করতে পারে। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠাবে না সুইডেন: অ্যাসাঞ্জকে সুইডেন যুক্তরাষ্ট্রে পাঠাবে না বলে জানিয়েছে অ্যাসাঞ্জের দেশ অস্ট্রেলিয়া। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার বলেন, অ্যাসাঞ্জের বিষয়টি সুইডেনের বিচার বিভাগের আওতার বাইরে। বিষয়টি অস্ট্রেলিয়ার কূটনীতির ব্যাপারও নয়। তিনি বলেন, সুইডেন আমাদের জানিয়েছে, তাদের রাজধানীতে সংঘটিত কোনো অপরাধ অথবা তাদের সামরিক বা গোয়েন্দা-সংশ্লিষ্ট কোনো বিষয়ে অভিযুক্ত কাউকে অন্য দেশে প্রত্যর্পণ করা হয় না।পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত জুনে তিনি অ্যাসাঞ্জকে সুইডেন থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ নিয়ে দুবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তাঁদের কাছ থেকে তিনি এ ধরনের কোনো পরিকল্পনার ইঙ্গিত পাননি।