অ্যাসাঞ্জকে নিয়ে আলোচনায় প্রস্তুত ইকুয়েডর
ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, লন্ডনে ইকুয়েডর দূতাবাসে যুক্তরাজ্যের অভিযানের হুমকি প্রত্যাহার করা হলে জুলিয়ান অ্যাসাঞ্জের বিষয়ে তাঁরা আলোচনায় প্রস্তুত। গতকাল মঙ্গলবার রাফায়েল এ কথা বলেন। রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ এখন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন। তিনি সে দেশে আশ্রয়প্রত্যাশী।এদিকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তারে যুক্তরাজ্যের হুমকির প্রতিবাদে একদল হ্যাকার দেশটির সরকারি ওয়েবসাইট হ্যাক করার কথা দাবি করেছে। যুক্তরাজ্য জানিয়েছে, অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি।সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। যুক্তরাজ্য তাঁকে সুইডেনের হাতে তুলে দিতে চাইছে। কিন্তু অ্যাসাঞ্জের ভয়, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। উইকিলিকসে সরকারি গোপন নথি ফাঁস করে দেওয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ তাঁর বিচার করতে পারে। বিচারের রায়ে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। এই ভয়ে সুইডেনের হাতে প্রত্যর্পণ ঠেকাতে অ্যাসাঞ্জ গত জুন মাসে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। গত বৃহস্পতিবার ইকুয়েডর তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। তবে দূতাবাস থেকে বের হলেই যুক্তরাজ্য সরকার তাঁকে গ্রেপ্তার করবে বলে হুমকি দিয়েছে।অ্যাসাঞ্জকে দূতাবাস থেকে দক্ষিণ আমেরিকায় যাওয়ার সুযোগ দিতে কোরেয়া যুক্তরাজ্যকে অনুরোধ জানিয়েছেন। বামপন্থী এই নেতা অ্যাসাঞ্জকে বলেন, তিনি (অ্যাসাঞ্জ) ইকুয়েডর দূতাবাসে যত দিন খুশি থাকতে পারবেন। তবে এ বিষয়ে যেকোনো আলোচনার জন্য তাঁর দ্বার খোলা বলে তিনি জানিয়েছেন।গোয়াকিল শহরে রাফায়েল সাংবাদিকদের বলেন, ‘রূঢ়, অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্য মন্তব্যের পরও আমরা আলোচনায় বসতে এখনো প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমরা ক্ষমা আশা করি না। তবে এটা অবশ্যই আশা করি, যুক্তরাজ্য আমাদের দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে কূটনৈতিক মিশনের নিয়ম ভঙ্গ করার মতো যে ‘গুরুতর ভুল’ করার হুমকি দিয়েছে, তা প্রত্যাহার করে নেবে।’কোরেয়া বলেন, প্রয়োজনে বিষয়টি তিনি জাতিসংঘে তুলতে প্রস্তুত। তিনি বলেন, ‘ইকুয়েডর কখনো অ্যাসাঞ্জকে সুইডেনে বিচারের মুখোমুখি হতে বাধা দিতে চায় না। তবে তাঁকে তৃতীয় কোনো দেশের হাতে তুলে দেওয়া হবে না, আমরা লিখিত প্রতিশ্রুতি চাই।’যুক্তরাজ্যে সরকারি ওয়েবসাইট হ্যাক!নাম না প্রকাশ করে ওই হ্যাকিং গ্রুপ জানায়, তারা গত সোমবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে। তবে গতকাল ওয়েবসাইটগুলো স্বাভাবিকভাবেই কাজ করেছে। আজ পিটিআইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।বিচার বিভাগীয় মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে তাদের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়। এটি জনগণের প্রয়োজনীয় তথ্যসংবলিত ওয়েবসাইট। এতে স্পর্শকাতর কোনো তথ্য ছিল না। তবে আর কোনো মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রান্ত হয়নি।