অ্যাসাঞ্জকে যেতে দিতে রাজি নয় যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের আশ্রয়ে থাকা উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সেখান থেকে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য। ইকুয়েডরও অ্যাসাঞ্জকে তার আশ্রয়ে রাখার বিষয়ে অনড়।আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অ্যাসাঞ্জের বিষয়ে আগের অবস্থানে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করেছে ইকুয়েডর। দেশটি বলেছে, অ্যাসাঞ্জকে যে কারণে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, ওই প্রসঙ্গ এখানো বিদ্যমান। আর যুক্তরাজ্য সরকারও অ্যাসাঞ্জকে লন্ডন থেকে নিরাপদে ইকুয়েডর যেতে না দেওয়ার ব্যাপারে আগের অবস্থানে অনড়। অ্যাসাঞ্জের ভবিষ্যত্ নিয়ে আলোচনা করতে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো গত রোববার যুক্তরাজ্যে পৌঁছান। গতকাল সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে উল্লেখযোগ্য কোনো সফলতা ছাড়াই ৪৫ মিনিট চলা ওই বৈঠক শেষ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি অসুস্থতার কারণে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার না করার ব্যাপারে নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।বৈঠক শেষে পাতিনো বলেছেন, তাঁর দেশ আগের মতোই অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়া অব্যাহত রাখবে।ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী পাতিনো রোববার অ্যাসাঞ্জের সঙ্গেও সাক্ষাত্ করেন। সাক্ষাতের পর তিনি জানান, যদিও অ্যাসাঞ্জ বর্তমানে সীমিত জায়গার মধ্যে অবস্থান করছেন, তার পরও তিনি ‘ভালো মানসিক অবস্থা’য় আছেন। গোপনীয়তাবিরোধী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে গত বছরের জুন মাসে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। আগামীকাল বুধবার ওই ঘটনার এক বছর পূর্ণ হতে যাচ্ছে। অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে, যা তিনি অস্বীকার করে আসছেন। তাঁর আশঙ্কা, ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সুইডেনে প্রত্যর্পণ করলে সেখান থেকে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে। কারণ, উইকিলিকস লাখ লাখ মার্কিন গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করায় দেশটি তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে আছে।অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা গত বছরের আগস্ট মাসে অনুমোদন করে ইকুয়েডর। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইকুয়েডরের দূতাবাস থেকে বের হলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।