অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের বিরুদ্ধে আপিল শুনানি আজ
আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের বিরুদ্ধে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আজ বুধবার আপিল শুনানি শুরু হচ্ছে। দুই দিনের এ শুনানিতে অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারিত হবে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।যৌন হয়রানির অভিযোগে সুইডেন সরকার অ্যাসাঞ্জকে সে দেশে ফেরত চেয়ে ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে দেশটির আদালত অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর করার পক্ষে রায় দেন। অ্যাসাঞ্জ এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। ইতিমধ্যে তাঁর আপিল দুবার খারিজ হয়েছে।সুপ্রিম কোর্টের সাত বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ অ্যাসাঞ্জের আপিল আপিল আবেদন শুনছেন। আইনজীবীরা জানিয়েছেন, এটা অ্যাসাঞ্জের জন্য শেষ সুযোগ। সুপ্রিম কোর্ট তাঁর আপিল খারিজ করলে অ্যাসাঞ্জকে সুইডেন যেতে হবে। অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।