অ্যাসাঞ্জকে হাসপাতালে নিতে চায় ইকুয়েডর
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ইকুয়েডর। তাই তাঁকে দূতাবাসের বাইরে হাসপাতালে নিতে চায় কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁর নিরাপদে হাসপাতালে নেওয়া ও ফেরত আনার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইকুয়েডরের সহ-পররাষ্ট্রমন্ত্রী আলবুজা মার্তিনেজ। আজ বুধবার রাশিয়ার এক রেডিওতে মার্তিনেজের বক্তব্য প্রচার করা হয়। তিনি বলেন, ‘অ্যাসাঞ্জ আশঙ্কাজনকভাবে শুকিয়ে যাচ্ছেন। তাই তাঁর স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন আমরা।’মার্তিনেজ বলেন, ‘অ্যাসাঞ্জ অসুস্থ হয়ে পড়লে আমাদের কাছে দুটি বিকল্প থাকবে। তখন হয় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে অথবা দূতাবাসের ভেতরেই চিকিত্সা দিতে হবে।’ তিনি বলেন, অ্যাসাঞ্জের বর্তমান পরিস্থিতি খুবই মারাত্মক। এ পরিস্থিতিতে তাঁর মানবাধিকার লঙ্ঘিত হতে পারে। মার্তিনেজের উল্লিখিত বক্তব্যের পর তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গত ১৯ জুন থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। যৌন হয়রানির অভিযোগে সুইডেনে হস্তান্তর হওয়া থেকে রক্ষা পেতেই তিনি এখানে আশ্রয় নিয়েছেন। যুক্তরাজ্যের দাবি, অ্যাসাঞ্জ জামিনের শর্ত লঙ্ঘন করে দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তাই তাঁকে গ্রেপ্তার করে সুইডেনে হস্তান্তর করা যুক্তরাজ্যের দায়িত্ব।