অ্যাসাঞ্জের অচলাবস্থা অবসানের আহ্বান
জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না—এই আশ্বাস দিতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বর্তমান অচলাবস্থার অবসান ঘটবে। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সুইডেনে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে মামলা আছে। তিনি অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। একটি প্রত্যর্পণ মামলার রায় অনুযায়ী অ্যাসাঞ্জকে সুইডেনের হাতে তুলে দিতে চাইছে যুক্তরাজ্য। অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। উইকিলিকসে গোপন মার্কিন নথি ফাঁস করে দেওয়ার অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ তাঁর বিচার করতে পারে। এতে তাঁর মৃত্যুদণ্ডও হতে পারে। এসব কারণে প্রত্যর্পণ ঠেকাতে অ্যাসাঞ্জ গত জুনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। গত ১৬ আগস্ট ইকুয়েডর তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। এতে ক্ষুব্ধ হয় যুক্তরাজ্য ও সুইডেন।অ্যামনেস্টির ভাষ্য, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে, সুইডেনের এমন কোনো পরিকল্পনার প্রমাণ পাওয়া যায়নি। তবে তাঁকে সত্যিই যদি জোর করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়, সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি থেকে যাচ্ছে।অ্যামনেস্টির গবেষণা শাখার জ্যেষ্ঠ পরিচালক নিকোলা ডাকওয়ার্থ এক বিবৃতিতে বলেন, অ্যাসাঞ্জ যদি সুইডেনের আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়া হবে না—সুইডেনকে প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে দুটি জিনিস অর্জন হবে আশা করছি—অ্যাসাঞ্জের এই কোণঠাসা অবস্থার সমাপ্তি ঘটবে ও যেসব নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন, তাঁরা বিচার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন না। নিউইয়র্কে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকোর্দো পাতিনোর আলোচনার পর অ্যামনেস্টি অ্যাসাঞ্জের বিষয়ে এই আহ্বান জানাল। অ্যাসাঞ্জের বিষয়ে উভয় পক্ষ একটি কূটনৈতিক সমাধানের ব্যাপারে একমত হয়েছে বলে জানা গেছে।