অ্যাসাঞ্জের অভিনন্দন পাওয়া উচিত: চমস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যা করেছেন, তাতে তাঁর অভিনন্দন পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন বুদ্ধিজীবী ও অধ্যাপক নোয়াম চমস্কি।দি মার্ক নিউজ ডটকমে লেখা এক নিবন্ধে চমস্কি এ মন্তব্য করেন। তিনি লিখেছেন, সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। অন্য সব অভিযোগের মতো এ অভিযোগও গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা উচিত। কিন্তু যে দেশে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থাকে, সেই দেশে কাউকে প্রত্যর্পণ করা সভ্য দেশের কাজ হতে পারে না।ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ভাষাতত্ত্ব ও দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক চমস্কি লিখেছেন, ‘যে ব্যক্তি গণতান্ত্রিক অধিকার রক্ষায় সাহস নিয়ে দাঁড়িয়েছেন—নিন্দা বা শাস্তি নয়, তিনি অভিনন্দন পাওয়ার যোগ্য।’ তিনি লিখেছেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সুইডেন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। সুইডিশ কর্তৃপক্ষ লন্ডনে গিয়ে খুব সহজেই এটা করতে পারেন। কিন্তু সুইডেন এতে রাজি নয়। আবার সুইডেন বিবৃতি দিয়ে এটা জানিয়ে দিতে পারে যে তারা অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করবে না। কিন্তু সুইডেন এতেও রাজি নয়।চমস্কির বিশ্বাস, অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের লাখ লাখ নথি প্রকাশ না করে যদি রাশিয়ার নথি প্রকাশ করতেন, আর বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো, তাহলে সুইডেনের অবস্থান ভিন্ন হতো। টাইমস অব ইন্ডিয়া।