অ্যাসাঞ্জের ওপর নজর রাখতে দৈনিক ব্যয় ১১০০০ পাউন্ড!
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যেন লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে পালিয়ে অন্য কোনো দেশে ভেগে যেতে না পারেন, তাই তাঁর ওপরে নজর রাখছে যুক্তরাজ্যের পুলিশ। আর এ কাজে প্রতিদিন তাদের খরচ হচ্ছে প্রায় ১১ হাজার পাউন্ড।‘ডেইলি মেইল’-এর খবরে বলা হয়, সুইডিশ কর্তৃপক্ষের কাছে নিজের হস্তান্তরিত হওয়া ঠেকাতে অ্যাসাঞ্জ যত দিন ইকুয়েডর দূতাবাসে থাকবেন, খরচের পরিমাণ তত বাড়বে। দুজন নারীর ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগে সুইডেনে বিচার চলছে অ্যাসাঞ্জের। অ্যাসাঞ্জের আশঙ্কা, যুক্তরাজ্য তাঁকে সুইডিশ কর্তৃপক্ষের হাতে তুলে দিলে তারা তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাঁকে হত্যা করবে।স্কটল্যান্ড ইয়ার্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পশ্চিম লন্ডনের নাইটসব্রিজে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়া অ্যাসাঞ্জের ওপর সার্বক্ষণিক নজর রাখছেন যুক্তরাজ্যের পুলিশ সদস্যরা। দূতাবাসের বাইরে ‘পা ফেলামাত্র’ তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে চলতি বছরের ২০ জুন থেকে গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ১০ লাখ পাউন্ডেরও বেশি।অ্যাসাঞ্জ গত ১৯ জুন ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। যুক্তরাজ্যের দাবি, জামিনের শর্ত লঙ্ঘন করে অ্যাসাঞ্জ দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তাই তাঁকে গ্রেপ্তার করে সুইডেন সরকারের কাছে হস্তান্তর করা যুক্তরাজ্যের দায়িত্ব। ঘটনার পর ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেয়। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো বলেছিলেন, যদি অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য ত্যাগের অনুমতি দেওয়া না হয়, তবে অ্যাসাঞ্জ চাইলে বছরের পর বছর লন্ডনের ইকুয়েডর দূতাবাসে থেকে যেতে পারেন। অনেক সমালোচক বলছেন, মেট্রোপলিটন পুলিশের উচিত এ বিপুল ব্যয় এড়িয়ে যাওয়া।লন্ডনের মেয়র বরিস জনসন ব্যয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যদি প্রতিদিন ১১ হাজার পাউন্ড ব্যয় হতে থাকে, তবে কিছুদিনের মধ্যে মাসিক ব্যয় ১১ লাখ পাউন্ড ছাড়িয়ে যাবে।সমস্যার সমাধানে গত সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনোর সঙ্গে জাতিসংঘে এক বৈঠকে বসেন। কিন্তু, বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুপক্ষ।