অ্যাসাঞ্জের গ্রেপ্তারের সমালোচনায় পুতিন ও লুলা
আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেপ্তারের সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এই পদক্ষেপকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলেও অভিহিত করেছেন। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ইন্টারনেটে মার্কিন গোপন তারবার্তা প্রকাশ ‘অচ্ছুত কূটনীতির প্রকাশ’।এই গ্রেপ্তারের নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় অন্যান্য সরকারেরও সমালোচনা করেছেন লুলা। অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনের কারাগারে আটক আছেন। সুইডেনে সংঘটিত কথিত যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে লন্ডনের পুলিশ আত্মসমর্পণের পর তাঁকে গ্রেপ্তার করে। লুলা বলেন, তারা তাঁকে গ্রেপ্তার করেছে এবং আমি যত দূর জানি একজনও মত প্রকাশের স্বাধীনতার জন্য এর বিরুদ্ধে প্রতিবাদ করেননি। এদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনও অ্যাসাঞ্জের গ্রেপ্তারের সমালোচনা করে এই ঘটনাকে পশ্চিমাদের গণতান্ত্রিক মূল্যবোধের বিরোধী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘অ্যাসাঞ্জ কেন কারাগারে? এটা কি গণতন্ত্র ?’ইরাক ও আফগানযুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীর গোপন নথি এবং মার্কিন গোপন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করে উইকিলিকস ওয়াশিংটনের তোপের মুখে পড়ে। এ তথ্য ফাঁসের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন অ্যাসাঞ্জের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। —বিবিসি।