অ্যাসাঞ্জের ফুসফুস নিয়ে আশঙ্কা
সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ফুসফুসের সমস্যায় ভুগছেন। যেকোনো সময় তা খারাপ পর্যায়ে যেতে পারে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়েছে।গতকাল বুধবার যুক্তরাজ্যে নিয়োজিত ইকুয়েডরের রাষ্ট্রদূত আনা আলবান সাংবাদিকদের এ তথ্য জানান।যৌন হয়রানির অভিযোগে করা মামলায় সুইডেন সরকারের কাছে হস্তান্তর এড়াতে পাঁচ মাস ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রয়েছেন অ্যাসাঞ্জ। আনা আলবান বলেন, তাঁর (অ্যাসাঞ্জ) ফুসফুসের অবস্থা খুব খারাপ। ইকুয়েডর তাঁর চিকিত্সার ব্যয় বহন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছে।এ তথ্যের বাইরে অ্যাসাঞ্জের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি আনা আলবান। উইকিলিকসের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।চলতি বছরের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। যৌন হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেন সরকারের কাছে অ্যাসাঞ্জকে হস্তান্তরের পক্ষে রায় দেন যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত। পরে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ওঠেন। ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দূতাবাস থেকে বের হচ্ছেন না অ্যাসাঞ্জ। যৌন হয়রানির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, লাখ লাখ মার্কিন গোপন দলিল ফাঁস করে দেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। সুইডেন সরকার তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাসাঞ্জ।