অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়া জাগানো ওয়েব সাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা—ইন্টারপোল। একই সঙ্গে তাঁর নাম ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়। মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা অ্যাসাঞ্জ এখন কোথায় আছেন, তা নিশ্চিতভাবে বলতে পারেনি কেউ। তবে এক স্থানে তিনি একবারের বেশি অবস্থান করছেন না বলে জানা গেছে। রেড নোটিশে অ্যাসাঞ্জের অবস্থান সম্পর্কে কেউ কিছু জানলে তা পুলিশকে জানাতে বলা হয়েছে।উইকিলিকসের এডিটর-ইন-চিফ অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গত মাসে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডিশ পুলিশ। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গতকাল অ্যাসাঞ্জের বিরুদ্ধে রেড নোটিশ জারি ও তাঁর নাম মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে ইন্টারপোল।উইকিলিকস গত রোববার আড়াই লাখেরও বেশি মার্কিন গোপন নথি প্রকাশ করে। এসব নথিতে বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন কূটনৈতিক স্পর্শকাতর অনেক তথ্য বেরিয়ে আসে। এসব তথ্যের অনেকাংশেই সৌদি আরব, ইরান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিষয় প্রকাশ পায়। নথিতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শঙ্কা, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মতো বিশ্ব নেতাদের বিষয়ে মার্কিন মনোভাব প্রকাশিত হয়। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ওপর নজরদারির নির্দেশ দেওয়ার মতো তথ্যও বেরিয়ে পড়ে এসব নথিতে।গত মাসে ইরাক যুদ্ধের প্রায় চার লাখ গোপন নথি প্রকাশ করে ওয়েবসাইটটি। এ ছাড়া গত জুলাই মাসে প্রকাশ করে আফগানিস্তানের যুদ্ধ বিষয়ে মার্কিন বাহিনীর ৯২ হাজার গোপন নথি।পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন প্রশাসন কিছু স্পর্শকাতর কূটনৈতিক তথ্য দেখার পেন্টাগনের অনুমতি সাময়িক স্থগিত করেছে। এ ছাড়া উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ইন্টারপোল জানায়, সুইডেনের গোথেনবার্গ ইন্টারন্যাশনাল পাবলিক প্রসিকিউশন অফিস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে। ৩৯ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। ইন্টারপোল আরও জানায়, এই পরোয়ানা জারির মাধ্যমে ইন্টারপোলের সদস্যভুক্ত সব দেশকে সতর্ক করে দেওয়া হয়েছে। যেকোনো দেশে অ্যাসাঞ্জকে দেখা গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে।এর আগে অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোপন নথি প্রকাশ করায় তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।জুলিয়ান অ্যাসাঞ্জ এখন কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর বিনাশর্তে অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া তাঁদের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছেন।অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইন্টারপোলের পরোয়ানা জারির পর তাঁর মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ বলেন, ‘আমি বিশ্বের অন্য মায়ের মতোই ছেলেকে নিয়ে উদ্বিগ্ন। আমি তাঁকে ভালোবাসি। আমি অবশ্যই চাই না জুলিয়ানকে কারাগারে নিয়ে যাওয়া হোক।’ তিনি অভিযোগ করেন, ছেলেসহ তাঁর বিরুদ্ধে অনেক অসত্য কথা বলা হচ্ছে। এএফপি, টেলিগ্রাফ।