অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে স্পেনে বিক্ষোভ
ব্রিটেনে কারাবন্দী উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে কর্মসূচি সাইবার জগতের পাশাপাশি ছড়িয়ে পড়েছে এবার রাজপথেও। গতকাল শনিবার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এই সাংবাদিকের মুক্তির দাবিতে স্পেনের রাজধানী মাদ্রিদে প্রতিবাদ সমাবেশ হয়েছে।‘ফ্রি উইকিলিকস ওয়েবসাইট’ নামের একটি সংগঠন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শত শত প্রতিবাদকারী অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে মাদ্রিদের ব্রিটিশ দূতাবাসের সামনেজড়ো হয়। প্রতিবাদকারীরা মুখোশ পরে এবং হাতে ‘ফ্রি অ্যাসাঞ্জ’ লেখা ফেস্টুন নিয়ে সেখানে বিক্ষোভ করে।আয়োজকেরা জানিয়েছেন, স্পেনের বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও সেভিলাসহ অন্যান্য শহরেও একই ধরনের প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে। বিক্ষোভকারীদের মতে, রাজনৈতিক উদ্দেশেই অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে। কেননা, এখনো পর্যন্ত কেউ অ্যাসাঞ্জকে দোষী প্রমাণিত করতে পারেনি।প্রতিবাদকারীরা উইকিলিকসকে তাদের ডোমেইন ফিরিয়ে দিতে আমাজনের প্রতি আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি তারা ভিসা ও মাস্টারকার্ড সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকে অ্যাসাঞ্জের লেনদেন পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। বিবিসি।