অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে ইকুয়েডরের উদ্বেগ
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইকুয়েডর। উপপররাষ্ট্রমন্ত্রী মার্কো আলবুজা মার্টিনেজের উদ্ধৃতির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইকুয়েডরের উপপররাষ্ট্রমন্ত্রী মার্কো আলবুজা গত মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে বলেছেন, ‘অ্যাসাঞ্জ লক্ষণীয়ভাবে রুগণ হয়ে পড়ছেন। আমরা তাঁর স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বিগ্ন।’মার্টিনেজের এ উদ্ধৃতি প্রচার করেছে ভয়েস অব রাশিয়া রেডিও। মস্কোর ইকুয়েডর দূতাবাস এই মন্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।ইকুয়েডরের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যদি তিনি অসুস্থ হয়ে পড়েন, আমাদের কাছে দুটি বিকল্প আছে—অ্যাসাঞ্জকে দূতাবাসের মধ্যে চিকিত্সা দেওয়া অথবা তাঁকে হাসপাতালে ভর্তি করানো। এটা খুবই গুরুতর পরিস্থিতি এবং তা অ্যাসাঞ্জের মানবাধিকারকে প্রভাবিত করতে পারে।’অ্যাসাঞ্জ অসুস্থ হয়ে পড়লে লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাস থেকে তাঁকে যাতে নিরাপদে কোনো হাসপাতালে নেওয়া যায়, ব্রিটেনের কাছে সে নিশ্চয়তা চাওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইকুয়েডরের এ মন্তব্যের বিষয়ে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।যৌন হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেন সরকারের অনুরোধে ২০১০ সালের ডিসেম্বরে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। ব্রিটেনের সর্বোচ্চ আদালত অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের পক্ষে রায় দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। একই সঙ্গে তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন অনুমোদন করে ইকুয়েডর সরকার। তখন থেকেই লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন তিনি।লন্ডন পুলিশ জানিয়েছে, দূতাবাসের বাইরে গেলেই অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হবে। অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা সুইডিশ সরকারের সব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন। সুইডেন সরকার তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ।