অ্যাসাঞ্জের ২০১৫ সালের আগে যুক্তরাজ্য ছাড়তে পারার সম্ভাবনা ক্ষীণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারে যুক্তরাজ্যের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তাঁকে আশ্রয়দানকারী ইকুয়েডর সরকার। তাই ২০১৫ সালের আগে তাঁর যুক্তরাজ্য ছেড়ে যেতে পারার সম্ভাবনা ক্ষীণ।ইকুয়েডর আশা করছে, যুক্তরাজ্যে পরবর্তী মেয়াদে যদি লেবার পার্টি সরকার গঠন করে, তবে তাদের কাছ থেকে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ না করার বিষয়ে সম্মতি আদায় করা সম্ভব হবে। সে ক্ষেত্রে অ্যাসাঞ্জের যুক্তরাজ্য ত্যাগ করার বিষয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তার অবসান হবে। আজ রোববার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সুইডেনে মামলা হয়েছে। মামলার শুনানির জন্য সে দেশে গেলে যেন তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করার বিষয়ে যুক্তরাজ্য সমর্থন না দেয়, এ ব্যাপারে ইকুয়েডর সরকার দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছে।কিন্তু এ বিষয়ে যুক্তরাজ্যের বর্তমান রক্ষণশীল নেতৃত্বাধীন জোট সরকারের সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারেনি ইকুয়েডর। তাই তারা আশা করছে, পরবর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক তত্পরতার মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটানো যাবে। সম্মতি আদায়ের লক্ষ্যে যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল লেবার পার্টির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইকুয়েডর।লেবার পার্টির একজন মুখপাত্র জানান, অ্যাসাঞ্জের বিষয়ে আলোচনার জন্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক হয়নি। তবে লন্ডনে ইকুয়েডর সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাঁদের নেতাদের আলোচনা হয়েছে।