অ্যাসিড মামলার আসামি সেই মনির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজের ছাত্রীকে অ্যাসিড ছোড়ার ঘটনায় করা মামলার আসামি মনিরউদ্দিনকে আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। রাঙামাটির বরকল উপজেলার দুর্গম কুরকুটিছড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।স্থানীয় আনসার ব্যাটালিয়নের দাবি, আজ সকাল ১০টার দিকে ২৭ আনসার ব্যাটালিয়নের কুসুমছড়ি ক্যাম্পের সদস্যরা মনিরকে আটক করে বরকল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, তাদের একটি দল স্থানীয় আনসারদের সহযোগিতায় মনিরকে গ্রেপ্তার করেছে। পুলিশ মনিরকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে বলে জানায় তারা।বরকল উপজেলার সদর ইউনিয়নের কুসুমছড়ি আনসার ব্যাটালিয়নের সৈনিক মো. আবু বকর সিদ্দিক মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, অপরিচিত এক ব্যক্তি কুরকুটিছড়ির রঙ্গু মিয়া চৌধুরীর বাড়িতে অবস্থান করছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া বর্ণনার সঙ্গে সেই ব্যক্তির চেহারা ও শরীরে অ্যাসিডে পুড়ে যাওয়ার চিহ্ন থাকারও খবর পাই। সেই সংবাদের ভিত্তিতে আজ সকালে নায়েক মুজিবুর রহমানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল কুরকুটিছড়ি এলাকার একটি পাহাড়ের ওই বাড়ি থেকে মনিরকে আটক করে। পরে তাঁকে বরকল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘এক আসামিকে ধরার খবর পেয়ে কুরকুটিছড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সেই দলের সঙ্গে এখন আর যোগাযোগ করতে পারছি না।’নায়েক মুজিবুর রহমান বলেন, ‘আমরা বেলা পৌনে ১১টার দিকে বরকল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম রেজার হাতে আসামিকে হস্তান্তর করেছি।’এদিকে, ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মনিরকে গ্রেপ্তার করতে রাঙামাটি যায়। সেখানে স্থানীয় আনসার সদস্যদের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।ইডেন কলেজের ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী হিসেবে মনিরকে কীভাবে চিহ্নিত করলেন—এ প্রশ্নের জবাবে মুজিবুর রহমানের ভাষ্য, ‘জিজ্ঞাসাবাদে মনির নিজেই তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। তা ছাড়া তাঁর হাতে কাটা দাগ ও শরীরে কয়েকটি স্থানে অ্যাসিডে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।’১৫ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুলের এক কাজি অফিসে ওই ছাত্রীকে অ্যাসিডদগ্ধ ও ছুরিকাঘাত করা হয়। বিয়েতে রাজি না হওয়ায় মনির নামের এক যুবক এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনায় মনিরের বন্ধু মাসুম তাঁর সহযোগী হিসেবে ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ছাত্রীর ভাই বংশাল থানায় মনির ও মাসুমকে আসামি করে মামলা করেন। ২০ জানুয়ারি ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে গতকাল আবারও আসামি মনির ও মাসুমকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে নির্দেশ দেন হাইকোর্ট। তাঁদের গ্রেপ্তারে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার ও র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।