রাজধানীর ইডেন কলেজের অ্যাসিডদগ্ধ ও ছুরিকাহত সেই ছাত্রীর শরীরে অস্ত্রোপচার করা হবে আজ সোমবার। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড গতকাল রোববার এ সিদ্ধান্ত নেয়। ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।এদিকে, ওই ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি মনিরকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ওই ছাত্রী ও তাঁর পরিবার উদ্বিগ্ন।ওই ছাত্রীর চিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ড গতকাল সকালে বৈঠক করে। মেডিকেল বোর্ডের প্রধান ও বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (আজ) সকালে মেয়েটির শরীরে অস্ত্রোপচার করা হবে।’ তিনি বলেন, ‘অ্যাসিডে মেয়েটির শরীরের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার করে ওই ক্ষতগুলো সারানোর চেষ্টা করা হবে। মেয়েটির অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।’বিয়েতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার বংশাল থানার চানখাঁরপুলের এক কাজি অফিসে ওই ছাত্রীকে মনির অ্যাসিডদগ্ধ ও ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বংশাল থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মনির ও তাঁর চাচাতো ভাই মাসুমের বিরুদ্ধে মামলা করেন। গত বৃহস্পতিবার মেয়েটির উন্নত চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়।‘পুলিশ আসামিদের ধরবে কবে?’: ওই ছাত্রীর ভাই প্রথম আলোকে বলেন, তাঁর বোন শারীরিক ও মানসিক যন্ত্রণায় প্রায় সময় কান্নাকাটি করছেন। আসামিরা গ্রেপ্তার হয়নি জানতে পেরে তিনি আর্তনাদ করে বলেছেন, ‘এত দিনেও তাঁদের গ্রেপ্তার করা হয়নি? পুলিশ তাঁদের ধরবে কবে?’মেয়েটির ভাই বলেন, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁদের পরিবারের সবাই উদ্বিগ্ন।জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।’৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ: মনির গ্রেপ্তার না হওয়ায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল হাইকোর্টে আবেদন করেন। আদালতে তিনিই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।শুনানি শেষে আদালত ৪৮ ঘণ্টার মধ্যে মনিরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার অন্তর্বর্তীকালীন আদেশ দেন। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি অনুসারে বিবাদীদের যথাযথ দায়িত্ব পালনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তাকে ১৫ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, মনিরসহ আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।অ্যাসিড নিক্ষেপের হুমকি দিয়ে বিয়ের অভিযোগ: আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, মনিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে। সেখানে গিয়ে জানা যায়, মনির ২০০৭ সালে পার্শ্ববর্তী শ্রীঘর গ্রামের এক মেয়েকে বিয়ে করেছিলেন। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। মেয়েটির অন্যত্র বিয়ে হয়েছে।গতকাল শ্রীঘরে গেলে ওই মেয়ের বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে শ্রীঘরের একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ার সময় মনির তাকে উত্ত্যক্ত করতেন। এ থেকে রক্ষা পেতে মেয়েকে তিনি অন্য বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন। কিন্তু মনিরের উপদ্রব বন্ধ না হওয়ায় মেয়ের লেখাপড়াই বন্ধ করে দেন। এরপর মনির তাঁর মেয়ের নামে কুৎসা রটাতে থাকেন, একপর্যায়ে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেন। পরে আতঙ্কিত হয়ে তিনি মনিরের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হন।