অ্যাসিডদগ্ধ ফারজানার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোনাকান্দার অ্যাসিডদগ্ধ মাদ্রাসাছাত্রী ফারজানা আক্তার (১৬)। গতকাল সোমবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সে মারা যায়। ফারজানা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোনাকান্দার ড. মোশাররফ হোসেন ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল। গত ১১ নভেম্বর রাতে ভাগনে ফয়সাল আহমেদ, গৃহকর্মী খাদিজা আক্তারসহ সে ঘরে একটি বিছানায় ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা খুলে ফারজানাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে ফারজানা, ফয়সাল ও খাদিজা তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তবে অ্যাসিডে মুখমণ্ডল ও শরীরের বেশির ভাগ জায়গায় ঝলসে যাওয়ায় ফারজানার অবস্থা ছিল আশঙ্কাজনক। ঘটনার পর তাঁদের চিৎকার-চেঁচামেচিতে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাঁদের তিনজনকেই উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি ফারজানাকে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সে মারা যায়। পরে পরিবারের লোকজন লাশ গ্রামের বাড়িতে নিয়ে যায়। ঘটনার পর ফারজানার পরিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পাশের জামালকান্দি গ্রামের তরুণ সাদ্দাম হোসেন এবং ওই মাদ্রাসার সাবেক শিক্ষক দেলোয়ার হোসেন প্রায়ই ফারজানাকে যৌন হয়রানি করতেন। তাঁদের কেউ এ ঘটনা ঘটিয়েছেন। অবশ্য ঘটনার পর ফারজানার বাবা জালাল উদ্দিন বাদী হয়ে সাদ্দামসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন। সাদ্দাম পলাতক হলেও পুলিশ আমিন (২৫), বাবু (১৯) ও রাসেল (১৮) নামের তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। গতকাল সোমবার রাতে যোগাযোগ করা হলে ফারজানার বড় ভাই জিসান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমার বোনকে এসিড মেরে যারা হত্যা করেছে, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, সাদ্দামসহ জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।