অ্যাসিডের মামলাও রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিড অপরাধ দমন আইনে করা একটি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছেন নড়াইলের স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের নেতারা।সুপারিশে আসামিদের আওয়ামী লীগের সক্রিয় কর্মী উল্লেখ করা হয়েছে। তবে মামলাটি প্রত্যাহারের আবেদন জানানো আসামি বলেছেন, মামলার এক আসামি বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা।নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের রেখা বেগমের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এ মামলা করা হয়েছিল। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৭ নভেম্বর ঘরে ঘুমন্ত অবস্থায় রেখা বেগমের ওপর জানালা দিয়ে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে। এতে তাঁর মাথাসহ বাঁ কানের পেছনের অংশ, পিঠ ও কোমর ঝলসে যায়। এ ঘটনায় ওই দিন রেখার স্বামী ফারুক মোল্লা কালিয়া থানায় প্রতিবেশী রেজাউল ইসলাম ওরফে খসরু মোল্যা, তাঁর দুই ভাই এনামুল মোল্যা ও নাজমুল মোল্যা, হায়দার মুন্সি ও রুহুল আমিন ফারাজীকে আসামি করে মামলা করেন। কিন্তু এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশের দাবি, আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে রেখার পরিবারের অভিযোগ, আসামিরা বহাল তবিয়তে রয়েছেন। হায়দার মুন্সি ও রুহুল আমিন বিদেশে রয়েছেন।জানতে চাইলে মামলা প্রত্যাহার-সংক্রান্ত নড়াইল জেলা কমিটির প্রধান জহুরুল হক প্রথম আলোকে বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও সরকারি কৌঁসুলি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছিলেন বলেই আমিও সুপারিশ করেছি।’স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটিও যেন মামলাটি প্রত্যাহারের সুপারিশ করে, সে জন্য জোর তদবির চলছে। কালিয়ার স্থানীয় সাংসদ ও রাজনীতিকদের সুপারিশ নিয়ে মামলার আসামিদের পক্ষে রেজাউল ইসলাম এ-সংক্রান্ত জাতীয় কমিটির কাছে আবেদন করেছেন। এ কমিটির ৩১তম সভায় এ মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য উপস্থাপন করা হবে। জেলা কমিটির সুপারিশ থাকলে জাতীয় কমিটিও মামলা প্রত্যাহারের সুপারিশ করে থাকে বলে ওই সূত্র জানায়।এ-সংক্রান্ত কাগজপত্রে দেখা যায়, ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি জাতীয় কমিটির কাছে করা আবেদনে বলা হয়েছে, ২০০৬ সালের ২৭ নভেম্বর রেখার ওপর কে বা কারা অ্যাসিড নিক্ষেপ করেছে, তা তাঁদের জানা নেই। রাজনৈতিক ও সামাজিক বিরোধ থাকায় প্রকৃত অপরাধীদের আড়াল করে তাঁদের নামে মামলা করা হয়েছে। মামলাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক হয়রানিমূলক।এই আবেদনে মামলা প্রত্যাহারের জন্য ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি সুপারিশ করেন নড়াইল-১ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ কবিরুল হক। এ ছাড়া একই বছরের ১০ ফেব্রুয়ারি মামলাটি প্রত্যাহারের জন্য সুপারিশ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী। এসব সুপারিশে বলা হয়েছে, আবেদনের বিবরণ সত্য। আসামিরা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। মামলা প্রত্যাহারে উপযুক্ত বিধায় বিবেচনার জন্য জোর সুপারিশ করা হলো।জানতে চাইলে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘এঁরা (আসামিরা) সবাই আওয়ামী লীগের সক্রিয় কর্মী, দলের জন্য কাজ করছেন। এ জন্যই মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি।’অবশ্য আসামি রেজাউল ইসলাম বলেন, মামলার অন্যতম আসামি রুহুল ফারাজি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। অন্যান্যের মধ্যে এনামুল ও হায়দার বিদেশে চলে গেছেন। নাজমুল একাই আদালতে হাজিরা দেন।রেজাউলের বোন রিনা বেগম বলেন, ‘সাংসদ কবিরুল হক আমাদের খুব কাছের। আমাদের বড় ভাই নজরুল ইসলাম সাংসদের চাচাতো বোন আফরোজা খানমকে বিয়ে করেছেন।’অ্যাসিডে ঝলসে যাওয়া রেখা বেগম প্রথম আলোকে বলেন, ‘রেজাউল ও তাঁর ভাইসহ লোকজন ঘরের জানালা দিয়ে আমাকে অ্যাসিড নিক্ষেপ করেছে। এতে সারা শরীরই ঝলসে গেছে। এর পরও যদি বিচার না পাই, তবে আল্লাহর দরবারে তাদের বিচার হবে।’কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নড়াইল প্রতিনিধি কার্ত্তিক দাস]