অ্যাসেঞ্জের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
মার্কিন সেনাবাহিনীর গোপন দলিল প্রকাশ করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ার অ্যাসেঞ্জের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল। ইন্টারপোল বলছে, সুইডেনে যৌন অপরাধ সংঘটনের অভিযোগে এই অস্ট্রেলিয়ানকে খোঁজা হচ্ছে। তবে অ্যাসেঞ্জের বিরুদ্ধে ইন্টারপোলের জারি করা এই রেড নোটিশ গ্রেপ্তারি পরোয়ানা নয়। বরং এ নোটিশে অ্যাসেঞ্জের অবস্থান সম্পর্কে কেউ কিছু জানলে তা পুলিশকে জানাতে বলা হয়েছে।অ্যাসেঞ্জে তাঁর বিরুদ্ধে আনা সুইডেন সরকারের যৌন অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, অ্যাসেঞ্জে সে দেশে বসবাস করার জন্য যে আবেদন জানিয়েছিলেন, তা তিনি অনুমোদন করেননি। এর আগে অ্যাসেঞ্জে সুইডেনে বাস করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু গত অক্টোবরে সুইডেন সরকার অ্যাসেঞ্জের সে আবেদন প্রত্যাখ্যান করে।অ্যাসেঞ্জের বিরুদ্ধে সুইডেন সরকার যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনেছে। এ ব্যাপারে স্টকহোমের একটি জেলা আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত রোববার উইকিলিকস মার্কিন সেনাবাহিনীর প্রায় দুই লাখ ৫০ হাজার গোপন দলিল প্রকাশ করে। এর আগেও দুই দফায় আফগানিস্তান ও ইরাক যুদ্ধ নিয়ে বিপুল পরিমাণ মার্কিন গোপন দলিল প্রকাশ করে ওয়াশিংটনের তোপের মুখে পড়েন উইকিলিকস-প্রধান জুলিয়ান অ্যাসেঞ্জে। —বিবিসি।