আ ই পি এ লে সাকিব
রাজ্জাক, মাশরাফি, আশরাফুলরা আইপিএলে আলো ছড়াতে পারেননি। তবে এবার আইপিএলে সাকিব আল হাসানের পারফরম্যান্স দেখে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ককে অন্য কাতারেই রাখছেন সোলায়মান পলাশ আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল পারেননি। আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেননি মাশরাফি বিন মুর্তজাও। তবে এই তালিকার বাইরে আপাতত রাখতেই হচ্ছে সাকিব আল হাসানকে। বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে যেভাবে শুরু করেছেন, তাতে অন্তত এ কথা বলা যেতেই পারে। চার ম্যাচে সাকিব নিয়েছেন ৭ উইকেট। টুর্নামেন্টে সেরা উইকেট শিকারিদের তালিকায় গত শুক্রবার পর্যন্ত যৌথভাবে দুইয়ে তাঁর অবস্থান। ব্যাট হাতে নেওয়ার সুযোগ পেয়েছেন একটি মাত্র ম্যাচে। করেছেন ২ রান। কিন্তু ওই একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে তো ব্যাটিংয়ে তাঁর সাফল্য-ব্যর্থতা বিচার করা যায় না!আইপিএলে কলকাতার সাকিবকে সফল বলার অন্যতম কারণ তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতা।আইপিএলের প্রথম বাংলাদেশি খেলোয়াড় আবদুর রাজ্জাক যে মাঠে বেধড়ক পিটুনি খেয়েছিলেন, সেই জয়পুরেই স্বপ্নের মতো সূচনা হলো সাকিবের। প্রথম বলে কোনো রান দিলেন না বাংলাদেশের অধিনায়ক। তৃতীয় বলেই উইকেট, অমিত পুনিকারকে শর্ট থার্ডম্যানে ক্যালিসের হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন। এক ওভারে চার রান।দলীয় ১৪ ও নিজের তৃতীয় ওভারে সামনে পেলেন সেই শেন ওয়াটসনকে, ঢাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে যিনি বাংলাদেশের বোলারদের তুলাধোনা করে গড়েছেন ইনিংসে ১৫ ছয়ের নতুন রেকর্ড। দ্বিতীয় বলেই ছক্কা মেরে মিরপুরের দুঃস্বপ্নকে কি ফিরিয়ে আনার চেষ্টা করলেন ওয়াটসন? পরের ওভারে আবার ছক্কা। ওয়াটসনের বিপক্ষে বাঁহাতি স্পিনার আনায় অধিনায়ক গম্ভীরের সমালোচনাও করলেন কেউ কেউ। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করলেন ওয়াটসনকে বোল্ড করে। চার ওভারে ৩১ রানে ২ উইকেট। অভিষেকটা ভালোই হলো সাকিবের। পরের ম্যাচেও প্রতিপক্ষ রাজস্থান। এবার ইডেনে বল হাতে শাণিত সাকিব। চার ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট। আগের ম্যাচের মতো এবারও সহজ জয় পেল কলকাতা। আর সেই সঙ্গে সাকিবও জয় করে নিলেন কলকাতার কোটি কোটি সমর্থকের হূদয়।কোচি টাস্কার্সের বিপক্ষে ২৮ রান ৩ উইকেট নিয়ে কোচিকে ১৩২ রানে আটকাতে বড় ভূমিকা রাখলেন। যদিও ছয় রানে হারা ম্যাচটিতে ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। প্রথমবারের মতো ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই আউট।পরের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষেও ব্যাটিংয়ের সুযোগ হয়নি। তবে বল হাতেও আগের তিন ম্যাচের চেয়ে এদিন ছিলেন অনুজ্জ্বল। অবশ্য এদিন গেইল-দিলশান বোলারদের ওপর যে স্টিম রোলার চালিয়েছেন, তাতে নাইট রাইডার্সের অন্যান্য বোলারের মতো সাকিবেরও করার কিছু ছিল না। ২ ওভার ১ বলে ২৯ রান।প্রথম চার ম্যাচে সাকিবের ইকোনমি রেট ৭.৬৯। টি-টোয়েন্টিতে খুব খারাপ কী! এ পর্যন্ত যা করেছেন, তাতে এ কথা অন্তত বলা যেতেই পারে, আইপিএলে রাজ্জাক-আশরাফুলদের যে পরিণতি হয়েছে, সেটা অন্তত সাকিবের ক্ষেত্রে হচ্ছে না। আর হবেই বা কেন? ইংলিশ কন্ডিশনেও যিনি নিজেকে প্রমাণ করেছেন, উস্টারশায়ারকে তুলে দিয়েছেন কাউন্টির শীর্ষ লিগে, সেখানে চিরচেনা উপমহাদেশীয় কন্ডিশনে তাঁর ব্যর্থ হওয়ার তো কিছু নেই। পারতেই হবে সাকিবকে। শুধু কলকাতাই নয়, তাঁর সাফল্যের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশের মানুষও।