আ ই নি প রা ম র্শ
সমস্যা: আমার বিয়ে হয় চার বছর আগে। বিয়ের পরপরই আমার স্বামী আমার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন যৌতুকের জন্য। কষ্ট হলেও তাঁকে তাঁর দাবির অর্ধেক টাকা এনে দিই। কিন্তু প্রায় দেড় বছর আগে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আমি কয়েকবার শ্বশুরবাড়িতে গেলেও আমাকে তাড়িয়ে দেওয়া হয়। আমাকে বলা হয়, আমি যেন আমার বাবার বাড়িতেই থাকি। শ্বশুরবাড়িতে আমার জায়গা হবে না। এখন আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে, আমার সন্তান হয় না। আমি নাকি অমঙ্গল আনব। এদিকে আমি আমার সামান্য ব্যবসায়ী বাবার ওপর বোঝা হয়ে যাচ্ছি। আমার নিজের খরচের জন্যও বাবা ও বড় ভাইয়ের ওপর নির্ভর করতে হয়। আমার স্বামী আমাকে কোনো খরচ দেন না। তিনি তালাক দেবেন কি না এ সম্পর্কেও কিছু বলেন না। এখন আমি অসহায় জীবন যাপন করছি। শুনছি, তিনি নাকি আবার বিয়ে করবেন। কিন্তু আমি আমার স্বামীর ঘর করতে চাই। আমি নিরুপায় হয়ে আইন অধিকারের শরণাপন্ন হলাম। দয়া করে আমাকে পরামর্শ দিয়ে উপকৃত করবেন।পরামর্শ: আপনার স্বামী আপনাকে ভরণপোষণ না দিলে তাঁর বিরুদ্ধে পারিবারিক আদালতে আশ্রয় নিতে পারেন। কিন্তু আদালতে গেলে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনি আসলেই তার ঘর করতে চান কি না। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করুন। আপনার সম্মতি ছাড়া তাঁর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে বাধা আছে আইনে। এ ক্ষেত্রেও আপনি আইনের আশ্রয় নিতে পারেন। আপনি কোনো বেসরকারি মানবাধিকার সংগঠনের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। তানজিম আল ইসলামআইনজীবী, ঢাকা জজকোর্ট