আ. লীগ আঁতাতের রাজনীতি করে না: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, ‘আওয়ামী লীগ কারও সঙ্গে আঁতাত করে রাজনীতি করে না। কাদের মোল্লার বিরুদ্ধে বিচারকেরা যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট না হলেও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে।’ আজ বুধবার সকালে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ।বিরোধী দলের উদ্দেশে হানিফ বলেন, ‘দেশের মানুষ জানে, আপনারা দুটি কারণে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। যুদ্ধাপরাধীদের ও খালেদা জিয়ার দুর্নীতিবাজ দুই সন্তানকে মামলা থেকে বাঁচাতে। কিন্তু আপনাদের দুরভিসন্ধি কোনো দিন বাস্তবায়িত হবে না।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল বিষয়ে হানিফ বলেন, অসাংবিধানিক বিষয়ে আওয়ামী লীগ এগোতে চায় না। সাংবিধানিক প্রক্রিয়ায় আগামী নির্বাচন হবে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকাব্বর হোসেন সাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ।