আ. লীগ সরকার গঠন করলেই দেশের উন্নয়ন হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সরকার গঠন করলেই দেশে উন্নয়ন হয়। উন্নয়নের জন্য দাবি করার প্রয়োজন হয় না।’আজ শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী আব্দুস শহীদ কলেজ ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সুধিসমাবেশ স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ।স্বাস্থ্যখাতে মহাজোট সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য ইতিমধ্যেই পাঁচ হাজারেরও বেশি চিকিত্সক, ১২ হাজারের বেশি কমিউনিটি হেলথ প্রোভাইডার, ছয় হাজার স্বাস্থ্য সহকারী, এক হাজার ৫০০ জন নার্স এবং প্রায় ১২ হাজার চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া এবং নার্সদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এছাড়াও সরকারি মেডিকেল কলেজগুলোতে এক হাজার ৭৮৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকারের সময়ে দেশে দ্রব্যের মূল্য কমেছে। মূল্যস্ফীতি ১১ ভাগ থেকে পাঁচ ভাগে নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সিলেট বিভাগে চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা-শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করার জন্য বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, ‘এ জন্যে দাবির কোন প্রয়োজন নেই। আমরা কাজ করে যাচ্ছি। যেসব কাজ অসম্পূর্ণ থাকবে আগামীবার নির্বাচিত হয়ে আসতে পারলে সেগুলোও বাস্তবায়ন হবে।’প্রধানমন্ত্রী আজ দুপুুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পে এসে পৌঁছান। বেলা সাড়ে ১২টার দিকে তিনি সড়কপথে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।