আ. লীগ ৪১ বছরেও ক্ষমতায় আসতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই শেয়ার বাজারের পতন হয়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুটপাটের জন্যই আওয়ামী লীগ এ ধরনের কাজ চালায়। তিনি বলেন, শেয়ারবাজারের ঘটনা তদন্তের জন্য অর্থমন্ত্রী তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু কোনো নাম প্রকাশ করা হয়নি। খালেদা জিয়া বলেন, এর কারণ হলো নাম প্রকাশের সাহস অর্থমন্ত্রীর নেই। তিনি বলেন, ‘আমার মনে হয়, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের টাকা লুটপাটের সঙ্গে রাষ্ট্রের এক নম্বর ব্যক্তিরও যোগসাজশ থাকতে পারে।’আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে ফেনীর পাইলট স্কুলমাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।বিরোধী দলের নেত্রী বলেন, আওয়ামী লীগের মতো জ্বালাও-পোড়াও না নিয়মতান্ত্রিকভাবেই বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি তোমাদের একা রাজপথে ঠেলে দেব না।’ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছেড়ে যাবে না বলে তিনি জানান।খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, গুপ্তহত্যা বন্ধ করেন। তা না হলে ভবিষ্যতে এর বিচার করা হবে। বিশাল জনসমর্থন দেখে সরকার ভয় পাচ্ছে কবলে তিনি উল্লেখ করেন। খালেদা বলেন, ‘বাংলাদেশ ভারতের হুকুমে চলছে—দেখতে না চাইলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন।’জনসভায় খালেদা আরও বলেন, এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চেয়েছিল। জনগণ সে সময় তাদের ক্ষমা করে। ২১ বছর পর তারা আবার ক্ষমতায় এসেছে। আর এবার আওয়ামী লীগ এমন অপকর্ম করেছে যে আগামী ৪১ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।খালেদা বলেন, ভারত দেশের মানুষকে ভাতে মারতে চায়। বাংলাদেশে যেসব নদী ভারত হয়ে আসছে, তাতে বাঁধ দিতে দেবেন না বলে আহ্বান জানান খালেদা। আজ সকাল থেকেই পাইলট স্কুলের মাঠে হাজার হাজার লোক জমা হয়। খালেদা জিয়া ফেনীতে ভাষণ দেন সন্ধ্যা সাতটায়। দীর্ঘসময় অপেক্ষা করতে করতে অনেকে চলে যায়। তবে তা সত্ত্বেও ওই মাঠে প্রচুর জনসমাগম ঘটে। জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।এর আগে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চে চান্দিনায় মানিক চাঁদ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত দ্বিতীয় পথসভায় খালেদা জিয়া বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে সরকার ভাঁওতাবাজি করছে। এই কমিশন আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমাদের প্রধান দাবি হলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা। নিজেদের সরকারের অধীনে আওয়ামী লীগ আগামী নির্বাচন করলে মস্ত বড় ভুল করবে। এই নির্বাচনে কোনো দল অংশ নেবে না।’পরে কুমিল্লার বিশ্বরোড-সংলগ্ন পদুয়া বাজার এলাকায় এক পথসভায় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই সরকারের পতন হবে। সে জন্য যেখানে যেতে বলব, সেখানেই যাবেন—প্রস্তুতি নেবেন।’ তিনি নেতা-কর্মীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘ভবিষ্যতে তরুণ, নবীন ও প্রবীণদের সমন্বয়ে দেশ পরিচালনা করব।’চান্দিনা মুক্তিযোদ্ধা কলেজের প্রাঙ্গণে প্রথম পথসভায় খালেদা জিয়া বলেন, দেশে বর্তমানে চরম নাজুক অবস্থা বিরাজ করছে। সরকারের কোনো কাজ নেই। তারা কেবল সব খাত থেকে কমিশন নিতে ব্যস্ত। আর এটা করতে গিয়ে দেশ এখন দেউলিয়া হয়ে পড়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে তাঁদের ব্যর্থতায় অর্থনীতি ধসে পড়েছে। সরকারি ব্যর্থতার কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, যা তারা নিয়ন্ত্রণ করারও কোনো উদ্যোগ নেয়নি।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের কারণে নয়াপল্টন থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পর্যন্ত একদিকে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। সকাল ১০টা ৫০ মিনিটে খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই রোডমার্চ শুরু হয়। আর চান্দিনায় পৌঁছতে সময় লাগে সাড়ে চার ঘণ্টা। আজ রাতেই খালেদা জিয়া চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।