ভোলা-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী। আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড নুরনবী চৌধুরীর মনোনয়নের এ কথা জানায়।এর আগে গত রোববার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ভোলা-৩ আসনে মো. জসিমউদ্দিন ও নুরনবী চৌধুরীকে মনোনয়নপত্র জমা দিতে বলেছিল। সেদিন বোর্ডের সিদ্ধান্ত ছিল, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পরই এ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ৩১ মার্চ ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন।২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে ভোলা-৩ আসনে মহাজোটের প্রার্থী জসিমউদ্দিন নির্বাচিত হন। পরে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিনের মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত জসিমউদ্দিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করলে আসনটি শূন্য হয়। আগামী ২৪ এপ্রিল এ আসনে নির্বাচন হবে।এর আগে আজ দুপুরে ভোলা প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রার্থী জসিমউদ্দিন ও নুরনবী চৌধুরী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেছেন, ‘নির্বাচনে আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। দলীয় সিদ্ধান্তে নিজ নিজ জনপ্রিয়তা প্রমাণে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। শেখ হাসিনা চূড়ান্ত মনোনয়ন যাঁকে দেবেন, আমরা একে অপরে তাঁর পক্ষ হয়েই কাজ করব।’