আ. লীগের মুখে গণতন্ত্র, অন্তরে নয়: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা একদিকে গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে।’আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আওয়ামী দুঃশাসনের ৫২ মাস! কেমন আছে বাংলাদেশ?’—শীর্ষক আলোচনায় মির্জা ফখরুল এ কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ এই আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৯৭৫ সালে আওয়ামী লীগ মাত্র ১১ মিনিটে বাকশাল গঠন করেছিল। তারা সব রাজনৈতিক দল বাতিল করে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। ১৯৭৫ সালের ওই শাসনের সঙ্গে আজকের দুঃশাসনের মিল রয়েছে।’ তিনি বলেন, ‘চিরকাল ক্ষমতায় থাকার স্বপ্ন নিয়ে কাজ করছে এই সরকার। মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। অতীতের মতো আজও গলা টিপে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে এই সরকার।’মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘বর্তমান সরকার সব বিরোধী রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানিয়ে এসব দলের নেতা-কর্মীদের জেলে ঢুকাচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপির অফিসে ঢুকে অন্যায়ভাবে নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। বিরোধী দলের নেতার অফিসের সামনে গুলি করেছে।’ এভাবে হামলা, মামলা দিয়ে ও নির্যাতন চালিয়ে গণতন্ত্র প্রতিহত করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি।এই সরকারের বেশির ভাগ লোক লুণ্ঠনের সঙ্গে জড়িত, অভিযোগ করে ফখরুল বলেন, শেয়ারবাজার, হল-মার্ক, পদ্মা সেতু, কুইক রেন্টাল, ডেসটিনি কেলেঙ্কারির সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের লোকজন জড়িত রয়েছেন।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের মানুষ এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। তাই মানুষের চাহিদা মাথায় রেখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে এনে আগামী নির্বাচন দেওয়া আহ্বান জানান তিনি। অন্যথায় গণতন্ত্র রক্ষায় সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ইসমাইল হোসেন বেঙ্গল, সাদেক আহমেদ খান প্রমুখ।