মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা মহাজোটে আছি। কিন্তু তারা (আওয়ামী লীগ) ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রার্থী দেওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা করেনি। তাই আমরাও তাদের সঙ্গে আলোচনা না করে প্রার্থী দিয়েছি। আমরা দেখাতে চাই, জাতীয় পার্টিরও জনপ্রিয়তা আছে।’আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বগইরে অভিজাত হোটেল নিরাপদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনের প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক ছিল, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল, মানুষ সুখে-শান্তিতে ছিল। জাতীয় পার্টির নয় বছর ছিল স্বর্ণযুগ। তাই মানুষ এখন আমাদেরকে স্মরণ করছে। জাতীয় পার্টি দেশের মানচিত্রে শক্ত আসন করে নিয়েছে।’ তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট ও সহায়তা দেওয়ার জন্য উপস্থিত কয়েক হাজার জনতাকে আহ্বান জানান।