আ.লীগ এলেই পুঁজিবাজার নিয়ে ফায়দা হাসিলের চেষ্টা চলে
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুঁজিবাজারে বিভ্রান্তি ছড়িয়ে একটি চক্র ফায়দা হাসিলের চেষ্টা চালায়। ওই চক্র বিনিয়োগকারীদের রাস্তায় নামিয়ে দেয়। চক্রটি বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। বর্তমান সরকার এসব চক্রান্তের বিষয়ে সজাগ রয়েছে। কাউকে অনৈতিকভাবে কোনো সুযোগ-সুবিধা নিতে দেওয়া হবে না।আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে শেয়ারবাজার-সংশ্লিষ্ট একটি অনলাইন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন এ কথা বলেন।সাহারা খাতুন আরও বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদি মনোভাব নিয়ে বিনিয়োগ করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের আরও বেশি সচেতন হওয়ার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘বর্তমানে দেশের অর্থনীতির সবকিছুই ভালো। প্রবৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্য অনেক ভালো অবস্থানে রয়েছে। কৃষিতেও সফলতা অর্জিত হয়েছে। সার্বিকভাবে দেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। কিন্তু শেয়ারবাজারে উত্থান-পতন চলছে।’ তিনি বলেন, ‘২০১০ সালে বাজারধসের পর প্রধানমন্ত্রী পুঁজিবাজার ঠিক করতে আমাদের পদক্ষেপ নিতে বলেছিলেন। আমরা সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নিয়েছিলাম।’ শিগগিরই এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বিচার বিশ্লেষণ করে বিনিয়োগের পরামর্শ দিয়ে এইচ টি ইমাম বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে রূপকল্প ২০২১ বাস্তবায়নের কথা বলা হয়েছে। রূপকল্প বলতে মধ্যম আয়ের দেশ বুঝানো হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশে হল-মার্কের কেলেঙ্কারিসহ বেশ কিছু আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এসব অপরাধীর অবশ্যই শাস্তি পেতে হবে।’বাঙালিদের মধ্যে হুজগ রয়েছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘তারা অল্প সময়ে বড়লোক হতে চায়। দেশে হায় হায় কোম্পানির অভাব নেই। সরকার পুঁজিবাজার নিয়ে যে সব পদক্ষেপ নিয়েছে তা প্রতিফলিত হলে বাজার উঠে আসতে বাধ্য হবে।’ শেয়ারবাজার-সম্পর্কিত ওয়েবপোর্টাল শেয়ারনিউজ২৪ডটকমের সম্পাদক আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।