চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন
আ.লীগ ও প্রগতিশীল শিক্ষক সমর্থক দল পূর্ণ প্যানেলে জয়ী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও প্রগতিশীল শিক্ষক সমর্থক ‘হলুদ দল’ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। ১১টি পদের সব কটিতেই জয় পেয়েছে তারা। আজ সোমবার সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এরপর সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে অর্থনীতি বিভাগের মো. আলী আশরাফ (৩০৭ ভোট), সহসভাপতি পদে মাইক্রোবায়োলজি বিভাগের মোহাম্মদ আবুল মনছুর (৩৬১ ভোট), সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. সেকান্দর চৌধুরী (২৯২ ভোট), কোষাধ্যক্ষ পদে ইংরেজি বিভাগের সুকান্ত ভট্টাচার্য (৩৯১ ভোট) ও যুগ্ম সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রেজাউল করিম (৩২১ ভোট) জয়ী হন।এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের ছয়টি সদস্য পদে আইন বিভাগের আবুল বশর মোহাম্মদ আবু নোমান, লোক প্রশাসন বিভাগের কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, নাট্যকলা বিভাগের কুন্তল বড়ুয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের নাজনীন নাহার ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের মোহাম্মদ নাসিম হাসান ও ব্যবস্থাপনা বিভাগের মো. সাহিদুর রহমান জয়ী হন।শিক্ষক সমিতির এ নির্বাচনে মোট তিনটি প্যানেল অংশ নেয়। আঞ্চলিকতা, স্বজনপ্রীতি ও হলুদ প্যানেলের সুবিধাভোগী এক শিক্ষককে মনোনয়ন দেওয়ায় হলুদ প্যানেল ভেঙে যায়। পরে গাজী সালেহ উদ্দিনের নেতৃত্বে আলাদা প্যানেল ঘোষণা করা হয়। এ ছাড়া ছিলেন বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ ফরিদুল আলম প্রথম আলো ডটকমকে জানান, নির্বাচনে ৭৯৩টি ভোটের মধ্যে ৬৯২টি ভোট পড়েছে।